আর্জেন্টিনা-মিসরের বিতর্কিত ম্যাচ নিয়ে যা বললেন মামদানি
বিশ্বকাপের শেষ ষোলোয় আর্জেন্টিনার বিপক্ষে মিসরের সেই হাইভোল্টেজ ম্যাচটি এখনো আলোচনার কেন্দ্রবিন্দুতে। রেফারির বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্তের কারণে মিসরের বিদায় মেনে নিতে পারছেন না অনেক ফুটবলপ্রেমী। এবার সেই তালিকায় নতুন করে যুক্ত হলেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। সম্প্রতি এক অনুষ্ঠানে গিয়ে তিনি মিসরের বিদায়কে সরাসরি ‘ডাকাতি’ বলে আখ্যায়িত করেছেন।
শহরের বাস সেবা উন্নত করার লক্ষ্যে ‘নেক্সট স্টপ: বেটার বাসেস, ফাস্টার সার্ভিস’ নামের একটি কর্মসূচির উদ্বোধন করছিলেন জোহরান মামদানি। অনুষ্ঠানে নিউ ইয়র্কবাসীর দৈনন্দিন ব্যস্ততা ও যাতায়াতের সময় বাঁচানোর গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি ফুটবলের প্রসঙ্গ টেনে আনেন।
মামদানি বলেন, ‘বাসে যাতায়াতের সময় বাঁচিয়ে আপনারা পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন, সন্তানের খেলা দেখতে পারবেন। এমনকি বন্ধুদের সঙ্গে আড্ডায় বসে এটিও নিশ্চিত করতে পারবেন যে—গতকাল (মঙ্গলবার) মিসরের সঙ্গে সত্যিই ডাকাতি করা হয়েছে!’ নিউ ইয়র্কের মেয়রের এই মন্তব্য মুহূর্তে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে।
বিতর্কিত সেই ম্যাচে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল মিসর। কিন্তু দ্বিতীয়ার্ধের কিছু সিদ্ধান্ত তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। ৫৮তম মিনিটে মোস্তফা জিকোর একটি গোল ভিএআর প্রযুক্তির সহায়তায় বাতিল করা হয়। এরপর ম্যাচের শেষ দিকে পেনাল্টির আবেদন করলেও রেফারি তাতে সাড়া দেননি। উল্টো দিকে গোল খেয়ে মিসর হেরে যায় ৩-২ ব্যবধানে।
এমন সিদ্ধান্তের পর স্বাভাবিকভাবেই ক্ষেপেছেন মিসরীয় কোচ ও খেলোয়াড়রা। ম্যাচ শেষে কোচ হোসাম হাসান ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘আমি দেশে ফিরে যাচ্ছি। এই টুর্নামেন্টের আর কোনো ম্যাচ দেখব না। আমাদের সঙ্গে যা হয়েছে, তা মোটেও ন্যায্য ছিল না। আমরা একটি পেনাল্টি পাওয়ার যোগ্য ছিলাম। আমাদের একটি গোলও বাতিল করা হয়েছে। কেন সেটি বাতিল হলো, আমি বুঝতে পারছি না।’
দলের স্ট্রাইকার মোস্তফা জিকো তো সরাসরি বলেই দিয়েছেন, ‘রেফারি মোটেও ভালো ছিলেন না, তিনি অন্যায় করেছেন। তাঁর পক্ষপাতিত্ব স্পষ্ট ছিল। ম্যাচের শুরু থেকেই তিনি আমাদের ওপর চড়াও হয়েছিলেন। তিনি চাননি আমরা জিতি। এই ম্যাচটি আগে থেকেই সাজানো ছিল।’

স্পোর্টস ডেস্ক