আর্জেন্টিনাকে হুমকি দিয়ে রাখলেন মিসরের কোচ
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবারের বিশ্বকাপেও দারুণ ছন্দে আছে আলবিসেলেস্তেরা। শিরোপার অন্যতম দাবিদারও ধরা হচ্ছে তাদের। বিপরীতে, এবারই প্রথমবার বিশ্বকাপে জয় পেয়েছে আফ্রিকার দেশ মিসর। প্রথমবার জায়গা করে নিয়েছে শেষ ষোলোতেও। এবার কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে এই দুই দল।
আজ মঙ্গলবার (৭ জুলাই) রাতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে মিসর। যুক্তরাষ্ট্রের আটালান্টা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচটি দুই দলের জন্যই টিকে থাকার লড়াই। একদিকে শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনা, অন্যদিকে নিজেদের ফুটবল ইতিহাসের পাতায় নতুন নাম লেখাতে মরিয়া মিসর।
শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে প্রতিপক্ষকে কোনো ছাড় দিতে রাজি নন মিসর কোচ হোসাম হাসান। সংবাদ সম্মেলনে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, মেসিদের দলকে সম্মান করলেও বিন্দুমাত্র ভয় পান না তারা। দিয়ে রাখলেন এক প্রকার হুমকিও।
মিসর কোচ বলেন, ‘আর্জেন্টিনা নিঃসন্দেহে একটি দুর্দান্ত দল এবং বর্তমান চ্যাম্পিয়ন। তবে ফুটবলে অসম্ভব বলে কিছু নেই। আমাদের বড় স্বপ্ন আছে এবং আমরা জানি ম্যাচটি কোনো দলের জন্যই সহজ হবে না। আমরা আর্জেন্টিনাকে সম্মান করি, কিন্তু তাদের ভয় পাই না।’
চলতি বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে মিসর। প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা করে নিয়ে ইতিহাস গড়া ফারাওরা এখন কোয়ার্টার ফাইনালের টিকিট পেতে মুখিয়ে আছে। আর্জেন্টিনার শক্তিশালী আক্রমণভাগের বিপক্ষে মিসরের রক্ষণভাগ যে পরীক্ষার মুখে পড়বে, তা ভালোভাবেই জানেন হোসাম হাসান। তবে নিজের দলের রক্ষণ কৌশলের ওপর পূর্ণ আস্থা রয়েছে তার।
এদিকে, মিসরের কিংবদন্তি কোচ হোসাম হাসানের নিজের নামে রয়েছে ৬৯ গোলের রেকর্ড, যা এখন হুমকির মুখে। দলের সেরা তারকা মোহামেদ সালাহ ইতিমধ্যে দেশের জার্সিতে ৬৮ গোল করেছেন। আর মাত্র দুই গোল করলেই তিনি ছাড়িয়ে যাবেন কোচকে। আজকের হাইভোল্টেজ ম্যাচে সালাহ তার ফর্মের তুঙ্গে থেকে রেকর্ড গড়তে পারবেন কি না, তা নিয়েও সমর্থকদের আগ্রহের কমতি নেই।
খেলোয়াড়ি জীবনে রেকর্ড গড়া হোসাম হাসান এখন কোচ হিসেবেও নতুন ইতিহাস গড়তে চান। তিনি বলেন, ‘খেলোয়াড় হিসেবে অনেক অর্জন ছিল, এখন কোচ হিসেবে সফল হতে চাই। আমার লক্ষ্য হলো দেশবাসীকে গর্বিত করা। সেই লক্ষ্য অর্জনে আমরা শতভাগ প্রস্তুত।’

স্পোর্টস ডেস্ক