শেষ ষোলোতে পর্তুগালের প্রতিপক্ষ কারা, খেলা কবে
বিশ্বকাপের নকআউট পর্বে জমে উঠছে আরেকটি মহারণ। শেষ ষোলোর মঞ্চে আবারও মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই প্রতিদ্বন্দ্বী স্পেন ও পর্তুগাল। এই লড়াই শুধু কোয়ার্টার ফাইনালের টিকিটের জন্য নয়। গত বছরের উয়েফা নেশন্স লিগের ফাইনালেরও পুনরাবৃত্তি। তাই পর্তুগালের বিপক্ষে সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ পাচ্ছে স্পেন।
আগামী ৭ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে দুই দল। শেষ ষোলোর এই হাইভোল্টেজ ম্যাচে একদিকে যেমন শেষ আটে ওঠার লড়াই। অন্যদিকে তেমনি থাকবে এক বছর আগের ফাইনালের হিসাব চুকানোর মিশন। গত বছরের ৮ জুন জার্মানির অ্যালিয়েঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত উয়েফা নেশন্স লিগের ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময় ২-২ গোলে সমতায় শেষ হয়েছিল ম্যাচ। পরে পেনাল্টি শ্যুটআউটে ৫-৪ ব্যবধানে জিতে শিরোপা ঘরে তোলে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। সেই পরাজয়ের ক্ষত এখনও ভুলতে পারেনি স্পেন।
স্পেন-পর্তুগাল দ্বৈরথ ইউরোপিয়ান ফুটবলের অন্যতম পুরোনো ও আকর্ষণীয় লড়াই। দুই প্রতিবেশী দেশের এই প্রতিদ্বন্দ্বিতায় এখন পর্যন্ত ৪১ বার মুখোমুখি হয়েছে তারা। এর মধ্যে ১৮টি ম্যাচ জিতেছে স্পেন, পর্তুগালের জয় ৭টি, আর ১৬টি ম্যাচে কোনো দলই জয় পায়নি। তবে সাম্প্রতিক সময়ে দুই দলের লড়াইয়ে ব্যবধান গড়ে দেওয়া সহজ হয়নি কারও জন্য।
বিশ্বকাপে স্পেন-পর্তুগাল লড়াইয়ের ইতিহাসও বেশ পুরোনো। প্রথমবার বিশ্বমঞ্চে মুখোমুখি হয়েছিল ১৯৩৪ সালে। এরপর বিভিন্ন সময়ে ছয়বার দেখা হয়েছে দুই দলের। এই দ্বৈরথে বড় জয় যেমন আছে, তেমনি আছে রুদ্ধশ্বাস লড়াইও। সর্বশেষ ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে ক্রিস্টিয়ানো রোনালদোর দুর্দান্ত হ্যাটট্রিকে ৩-৩ গোলে ড্র করেছিল দুই দল।
এর আগে ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের শেষ ষোলোতে ডেভিড ভিয়ার একমাত্র গোলে ১-০ ব্যবধানে জিতে পর্তুগালকে বিদায় করেছিল স্পেন। পরে সেই আসরেই প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়নের মুকুট পরে লা রোখা।
ইতিহাসে স্পেন এগিয়ে থাকলেও নকআউট ফুটবলে অতীতের পরিসংখ্যান খুব বেশি গুরুত্ব পায় না। নেশন্স লিগের ফাইনালের স্মৃতি। প্রতিশোধের প্রেরণা আর কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই সব মিলিয়ে বিশ্বকাপের শেষ ষোলোর সবচেয়ে আকর্ষণীয় ম্যাচগুলোর একটি হতে যাচ্ছে স্পেন-পর্তুগাল মহারণ।

স্পোর্টস ডেস্ক