নকআউটে রোনালদোর গোলখরা কি এবার কাটবে?
বিশ্বকাপের ইতিহাসে এক অনন্য রেকর্ডের মালিক ক্রিস্টিয়ানো রোনালদো। টানা ছয়টি বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন পর্তুগিজ এই সুপারস্টার। একমাত্র ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপে গোলকরা একমাত্র খেলোয়াড়ও তিনি। কিন্তু তবুও একটি আক্ষেপ রয়ে গেছে পর্তুগিজ তারকার। বিশ্বকাপের নকআউট পর্বে এখন পর্যন্ত একটিও গোল করতে পারেননি তিনি।
২০০৬ সালে বিশ্বকাপে অভিষেকের পর থেকে ২০২৬ পর্যন্ত প্রতিটি আসরেই খেলেছেন রোনালদো। এই দীর্ঘ ক্যারিয়ারে বিশ্বকাপে মোট ১০টি গোল করলেও তার সবকটিই এসেছে গ্রুপ পর্বে। নকআউট পর্বে বারবার সুযোগ পেলেও গোলের দেখা পাননি সিআরসেভেন।
২০০৬ সালে ইরানের বিপক্ষে প্রথম গোলের পর ২০১০ ও ২০১৪ বিশ্বকাপেও করেছিলেন একটি করে গোল। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ ছিল তার সেরা আসর। এই আসরে স্পেনের বিপক্ষে হ্যাটট্রিকসহ করেন চার গোল। ২০২২ কাতার বিশ্বকাপে অবশ্য তার গোল ছিল মাত্র একটি।
চলমান ২০২৬ বিশ্বকাপেও একই চিত্র। গ্রুপ পর্বে তিন ম্যাচে দুটি গোল করেছেন রোনালদো। দুটি গোলই এসেছে উজবেকিস্তানের বিপক্ষে। বাকি ম্যাচগুলোতে গোলশূন্য ছিলেন তিনি।
এবার রাউন্ড অব ৩২-এ পর্তুগালের সামনে বড় চ্যালেঞ্জ। লুকা মদ্রিচের নেতৃত্বাধীন ক্রোয়েশিয়ার মুখোমুখি হতে যাচ্ছে তারা। কাগজে-কলমে এগিয়ে থাকলেও, ম্যাচটি যে কঠিন হতে যাচ্ছে, তা বলাই বাহুল্য।
শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচে রোনালদোকেই হতে হবে দলের প্রধান ভরসা। এখন দেখার বিষয়, বিশ্বকাপের নকআউটে নিজের দীর্ঘদিনের গোলখরা ভাঙতে পারেন কি না এই পর্তুগিজ কিংবদন্তি।

স্পোর্টস ডেস্ক