বিতর্কিত গোল বাতিল নিয়ে মুখ খুললেন জার্মান কোচ
প্যারাগুয়ের বিপক্ষে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছে জার্মানি। অতিরিক্ত সময়ে জয়সূচক গোলও পেয়ে যায় তারা। তবে, জার্মানদের সেই আনন্দ স্থায়ী হয়নি। ভিএআরে চেক করার পর বাতিল হয় জার্মানির গোল। পরবর্তীতে পেনাল্টি শ্যুটআউটে হেরে বাদ পড়ে জার্মানি। আর প্যারাগুয়ে পৌঁছে যায় শেষ ষোলোতে।
অতিরিক্ত সময়ে নাথানিয়েল ব্রাউনের লুপিং কর্নার থেকে হেডারে গোল করেন ডিফেন্ডার জোনাথান টাহ। প্রধান ভিএআর রেফারি তাতিয়ানা গুজমান মরক্কান রেফারি জালাল জায়েদকে পিচ-সাইড মনিটরে ডেকে পাঠান। সেখানে দেখা যায়, ওয়ালডেমার আন্তন প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিলের সঙ্গে ফাউল করেছেন। এতে বিতর্কিতভাবে গোলটি বাতিল হয়ে যায়।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ জার্মান কোচ নাগেলসমান বাতিল হওয়া এই জয়সূচক গোল নিয়ে স্পষ্ট কথা বলেন। নাগেলসমান বলেন, ‘অবশ্যই বলা যায়, আমরা অন্যভাবে সমাধান করতে পারতাম। তবে ওই গোলটা বৈধ ছিল। এটা বাতিল হওয়া একেবারে হাস্যকর একটা ব্যাপার।’
কর্নার আসার সময় জার্মান ডিফেন্ডার আন্তন ইচ্ছাকৃতভাবে গিলের ঠিক সামনে দাঁড়িয়েছিলেন এবং বল ধরার চেষ্টার সময় তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। রিপ্লেতে শারীরিক সংস্পর্শ খুবই সামান্য মনে হলেও, ক্রস আসার সময় গিল মাটিতে পড়ে যান।
ফিফার টুর্নামেন্ট নির্দেশনা অনুযায়ী, নিজেদের ছয় গজ বক্সে গোলরক্ষককে বল ধরতে ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়া বা আড়াল করাকে ফাউল হিসেবে গণ্য করা যায়।

স্পোর্টস ডেস্ক