শেষের রোমাঞ্চে যুক্তরাষ্ট্রকে হারিয়েও বাদ পড়ল তুরস্ক
শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে জয়ের দেখা পেলেও বিশ্বকাপে টিকে থাকা হলো না তুরস্কের। যোগ করা সময়ে কান আইহানের নাটকীয় গোলে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৩-২ ব্যবধানে হারিয়েছে ভিনসেনজো মন্টেলার দল। তবে আগের দুই ম্যাচে হারের কারণে তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়েই গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে তুর্কিদের। অন্যদিকে, আগেই ‘ডি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের নকআউট পর্বের যাত্রায় এই হারের কোনো প্রভাব পড়েনি।
লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে ম্যাচের শুরুটা ছিল যুক্তরাষ্ট্রের দাপটে। তৃতীয় মিনিটে অস্টন ট্রাস্টির গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে দশম মিনিটে আর্দা গুলারের দারুণ ফিনিশিংয়ে সমতা ফেরায় তুরস্ক। এরপর ৩১তম মিনিটে বারিশ আল্পার ইলমাজ গোল করলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় তুরস্ক।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৯তম মিনিটে সেবাস্তিয়ান বেরহাল্টারের গোলে ২-২ সমতায় ফেরে যুক্তরাষ্ট্র। এরপর দুই দলই জয়সূচক গোলের জন্য আক্রমণ চালাতে থাকে। নির্ধারিত সময় পেরিয়ে যোগ করা সময়ের অষ্টম মিনিটে বক্সের ভেতর থেকে জোরালো শটে কান আইহান তুরস্ককে ৩-২ ব্যবধানে নাটকীয় জয় এনে দেন।
হারলেও গ্রুপসেরা হিসেবেই শেষ ৩২ নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। সমান ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ে। দ্বিতীয় অবস্থানে থাকায় অস্ট্রেলিয়ার নকআউট পর্বে খেলা নিশ্চিত হয়েছে। আর তৃতীয় স্থানে থাকায় প্যারাগুয়েকে এখনও অপেক্ষায় থাকতে হচ্ছে। তবে তাদের পয়েন্ট ৪ হওয়ায় নকআউট পর্বের জন্য তারা অনেকটাই এগিয়ে রয়েছে।

স্পোর্টস ডেস্ক