নেইমারকে নিয়ে দুঃসংবাদ দিল ব্রাজিল
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ মরক্কোর বিপক্ষে ড্র করেছে ব্রাজিল। সেই ম্যাচে ব্রাজিলের পারফরম্যান্সও ছিল হতাশার। সেই ব্যর্থতা কাটিয়ে ওঠার চ্যালেঞ্জে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। তবে এর আগেই ব্রাজিল ভক্তদের দুঃসংবাদ দিল ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
ব্রাজিলের হতাশাময় পারফরম্যান্সের পর অনেকেই অপেক্ষায় আছেন দলের প্রাণভোমড়া নেইমার জুনিয়রের চোট কাটিয়ে স্কোয়াডে ফেরা। তবে, হতাশার খবর হলো- হাইতির বিপক্ষেও ব্রাজিলের একাদশে দেখা যাবে না নেইমারকে। এমনকি তিনি মাঠেও থাকবেন না।
সিবিএফ জানিয়েছে, নেইমার নিউ জার্সিতেই থাকবেন। সেখানে আধুনিক সুযোগ-সুবিধায় তার পুনর্বাসন প্রক্রিয়া বা রিকভারির শেষ ধাপ চলবে। ব্রাজিল দলের কোচ কার্লো আনচেলত্তি এখন কোনো ঝুঁকি নিতে রাজি নন। তার মূল লক্ষ্য, নকআউট পর্বের আগে নেইমারকে পুরোপুরি ফিট করে তোলা।
প্রায় মাসখানেক আগে ক্লাবের হয়ে খেলার সময় ডান পায়ের কাফ মাসলে চোট পান ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। বিশ্বকাপের আগে থেকেই তিনি মাঠের বাইরে। তবে তার অভিজ্ঞতা ও নেতৃত্বের কথা ভেবেই তাকে দলে রেখেছেন কোচ।
গত বুধবার নেইমারকে সতীর্থদের সঙ্গে অনুশীলনে দেখা গেলেও, সেই উপস্থিতি ছিল খুবই সংক্ষিপ্ত। দলের সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়েই তিনি আবার ব্যক্তিগত ফিটনেস অনুশীলনে ফিরে যান।
ব্রাজিল শিবিরের প্রত্যাশা, নকআউট পর্বের আগেই নেইমারকে পুরোপুরি সুস্থ পাওয়া যাবে। তাই হাইতি ম্যাচের পাশাপাশি গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষেও তাকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, দীর্ঘ প্রায় ৭০০ দিন চোটের কারণে জাতীয় দলের বাইরে কাটিয়েছেন নেইমার। ২০২৩ সালের অক্টোবরে পাওয়া গুরুতর হাঁটুর চোট তাকে দীর্ঘ সময় মাঠের বাইরে রেখেছিল।

স্পোর্টস ডেস্ক