অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের লক্ষ্যে রোববার নামছে বাংলাদেশ
অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ—এ যে কল্পনাতীত ছিল। তা হোক না, অনেকের ভাষায় অস্ট্রেলিয়ার বি দল। অস্ট্রেলিয়া নামটাই যথেষ্ট প্রতিপক্ষের বুকে কাঁপন ধরাতে। সেই অসিদের হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ, এটি আর দ্বিবাস্বপ্ন নয়। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে আগামীকাল রোববার (১৪ জুন) বাংলাদেশ নামবে অসিদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যেই।
প্রথম দুই ওয়ানডেতে জয়ের পর স্বাগতিকদের চোখ এখন শেষ ওয়ানডেতে। এই সিরিজে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি দলগত সাফল্য। কারও ওপর একা নির্ভরশীলতা নেই। দুই ম্যাচেই দলে একাধিক হিরো ছিলেন। ঠিক এখানেই অসিদের চেয়ে এগিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা।
বাংলাদেশের পেস আক্রমণ এই সময়ের অন্যতম সেরা। যেকোনো মানদণ্ডেই মুস্তাফিজ-তাসকিন-নাহিদরা এখন এগিয়ে বাকিদের চেয়ে। দুই ম্যাচে অসিদের ১৭ উইকেটের ১৩টিই নিয়েছেন তিন পেসার। প্রথম ওয়ানডেতে নাহিদ রানা নেন চার উইকেট। দ্বিতীয়টিতে মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ নেন ছয়টি। দুজনই পান তিনটি করে উইকেট।
ব্যাট হাতে প্রথম ওয়ানডেতে তিন ফিফটির দেখা পায় বাংলাদেশ। পরেরটিতে কেউ ফিফটি না পেলেও তিনটি ৪০ পেরোনো ইনিংস ছিল বাংলাদেশের। সবমিলিয়ে ব্যাটিংয়েও ভরসা দিতে প্রস্তুত ক্রিকেটাররা।
শেষ ওয়ানডের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, তৃতীয় ওয়ানডের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে স্পিনার শেখ মেহেদীকে। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ কাল খেলবেন কি না, সেই বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানায়নি বিসিবি।
বদলে যাওয়া বাংলাদেশকে নিয়ে আজ সংবাদ সম্মেলনে প্রশংসা করেছেন অসি ক্রিকেটার মার্নাস লাবুশেন। তিনি বলেন, ‘চমৎকার দলে পরিণত হয়েছে বাংলাদেশ। চোখধাঁধানো পারফরম্যান্স করছে তারা। উইকেট বেশ ভালো। নাহিদরা বল হাতে অসাধারণ করছেন।’
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হবে অস্ট্রেলিয়া, এমনটি হয়তো ঢাকায় পা রাখার আগে ভাবতেও পারেনি দলটি। কাল তাই মান বাঁচাতে সর্বস্ব দিয়ে ঝাঁপিয়ে পড়বে অতিথিরা, সেটি বলার অপেক্ষা রাখে না। অবশ্য, বাংলাদেশও প্রস্তুত ইতিহাস গড়তে।
বাংলাদেশ স্কোয়াড
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শেখ মেহেদী, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।

স্পোর্টস ডেস্ক