পরিবর্তন আসতে পারে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে
বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশন আর্জেন্টিনার সামনে। অথচ, বর্তমান চ্যাম্পিয়নরা পার করছে চ্যালেঞ্জিং সময়। বিশ্বকাপ শুরুর আগেই দলের বেশ কয়েকজন ফুটবলারের চোট ও ফিটনেস সমস্যা ভোগাচ্ছে। এসব নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন কোচ লিওনেল স্কালোনি। বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন।
চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার লিওনার্দো বালের্দি। স্কালোনি ইঙ্গিত দিয়েছেন, শুধু বালের্দির বদলি ডিফেন্ডার নেওয়াই নয়, দলের অন্য পজিশনেও পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে।
রোববার হন্ডুরাসের বিপক্ষে ম্যাচ শেষে আর্জেন্টিনা কোচ বলেন, ‘আমাদের সব ফুটবলার শতভাগ ফিট নয়। দলে কেবল একজন সেন্ট্রালব্যাক যোগ করাই যথেষ্ট নাও হতে পারে। আমরা ভাবছি।'
স্কোয়াডে কার পরিবর্তে কে আসবেন, তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন স্কালোনিপরিস্থিতি মূল্যায়নের জন্য আরও একটি ম্যাচ পাবে আর্জেন্টিনা। এরপরই চোট পাওয়স খেলোয়াড়দের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা রয়েছে ‘জে’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। আগামী ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ ধরে রাখার মিশন শুরু করবে আর্জেন্টিনা।

স্পোর্টস ডেস্ক