আইকনিক বোলিং স্টাইলে শয়তানকে পাথর ছুড়লেন ওয়াসিম আকরাম
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা বাঁহাতি পেসার পাকিস্তানের ওয়াসিম আকরাম। নিখুঁত সুইং আর গতির ঝড়ে একসময় বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদের কাঁপিয়ে দেওয়া এই কিংবদন্তিকে বলা হয় ‘সুলতান অব সুইং’। ক্রিকেট ছাড়লেও তার সেই চেনা বোলিং অ্যাকশন যে ভক্তরা এখনো ভোলেননি, তারই এক ঝলক দেখা গেল এবার পবিত্র হজের ময়দানে।
না, কোনো ক্রিকেট মাঠ বা প্রীতি ম্যাচে নয়। পবিত্র হজ পালন করতে গিয়ে হজের শেষ দিনের আনুষ্ঠানিকতা হিসেবে শয়তানকে পাথর ছুঁড়তে গিয়ে নিজের সেই বিখ্যাত বোলিং স্টাইলটি ফিরিয়ে আনলেন পাকিস্তানের এই সাবেক অধিনায়ক।
বর্তমানে হজ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছেন ওয়াসিম আকরাম। মিনায় শয়তানের প্রতীকী স্তম্ভে পাথর মারার সময় তিনি ইহরামের পোশাক পরা অবস্থাতেই যেন ফিরে গেলেন তার সেই চেনা ২২ গজে। ছোট রান-আপ নিয়ে, বাঁহাত ঘুরিয়ে ঠিক যেভাবে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটসম্যানদের পরাস্ত করতেন, হুবহু সেই আইকনিক বোলিং স্টাইলে শয়তানের স্তম্ভে পাথর ছুঁড়লেন ওয়াসিম।
পাথর ছোঁড়া শেষেই চিরচেনা ভঙিতে বাঁহাত উঁচিয়ে উইকেটের উল্লাসও করতে দেখা যায় পাকিস্তানের এই কিংবদন্তি ক্রিকেটারকে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই পাথর ছোঁড়ার ভিডিওটি পোস্ট হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
উল্লেখ্য, এবার ওয়াসিম আকরামের পাশাপাশি পাকিস্তান ক্রিকেট দলের আরও দুই সাবেক তারকা ক্রিকেটার পবিত্র হজ পালন করতে গেছেন। তারা হলেন— পাকিস্তানের কিংবদন্তি ওপেনার সাঈদ আনোয়ার ও সাবেক সফল অধিনায়ক মিসবাহ উল হক।

স্পোর্টস ডেস্ক