পবিত্র হজের খুতবা বাংলায় শোনা যাবে যে ওয়েবসাইটে
পবিত্র হজের আনুষ্ঠানিকতায় সৌদি আরবের মক্কার প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ মুসলমান। এবার আরাফাত ময়দানের মসজিদে নামিরাহ থেকে হজের খুতবা দেবেন মদিনা মনোয়ারার সম্মানিত ইমাম ও খতিব শেখ আলী বিন আবদুর রহমান হুজাইফি। এদিন তিনি হজের খুতবা পাঠ ও নামাজ আদায়ে ইমামতির দায়িত্ব পালন করবেন।
আজ মঙ্গলবার (২৬ মে) জোহরের নামাজের পর পবিত্র হজের খুতবা প্রদান করা হবে।
গতকাল সোমবার মিনার তাঁবু নগরীতে রাত্রী যাপন শেষে ১৫ কিলোমিটার দূরে আরাফাত পর্বতের ময়দানে সমবেত হচ্ছেন হাজিরা। আজ মঙ্গলবার ফজর নামাজ আদায় করে পবিত্র আরাফাতের ময়দানে হাজির হচ্ছেন তারা। ইহরামের সেলাইবিহীন সাদা পোশাকে হাজিরা এদিন সূর্যাস্ত পর্যন্ত পবিত্র ময়দানে অবস্থান করবেন। আরাফাতের ময়দানে লাখ লাখ হাজির কণ্ঠে সমস্বরে উচ্চারিত হচ্ছে—‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্দা, ওয়ান্নি মাতা লাকা ওয়াল্মুল্ক্, লা শারিকা লাকা’। এর বাংলা অর্থ ‘আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার’।
হজ বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ। প্রতি বছর হজ করতে বিশ্বের নানা প্রান্তের মুসলমানরা সৌদি আরবের মক্কায় সমবেত হন। কালেমা, নামাজ, জাকাত, রোজার পাশাপাশি হজ ইসলামের পঞ্চম ও সর্বশেষ। এ বছর সৌদি আরবের বাইরে থেকে ১৫ লাখেরও বেশি হাজি মক্কায় সমবেত হয়েছেন। বাংলাদেশ থেকেও ২০১টি ফ্লাইটে ব্যবস্থাপনা সদস্যসহ মোট ৭৯ হাজার ১৬৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
আরাফাতের ময়দান থেকে এ বছর হজের খুতবা বাংলাসহ ৫০টির বেশি ভাষায় অনুবাদ করা হবে। ডিজিটাল প্ল্যাটফর্ম এবং অনুমোদিত চ্যানেলগুলোর মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে হজের খুতবা। এ বছর খুতবার বাংলা অনুবাদ ও উপস্থাপনা কার্যক্রমে যুক্ত রয়েছেন চারজন বাংলাদেশি গবেষক। তারা হলেন—ড. মুহাম্মদ খলীলুর রহমান, ড. আ ফ ম ওয়াহিদুর রহমান, মুবিনুর রহমান ফারুক ও নাজমুস সাকিব। তারা সবাই মক্কার বিখ্যাত উম্মুল কুরা ইউনিভার্সিটিতে বিভিন্ন সময়ে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন।
বাংলায় হজের খুতবা শুনতে ভিজিট করুন এই লিঙ্কে— https://makkahlivemedia.com/hajj-khutbah-live.php

এনটিভি অনলাইন ডেস্ক