‘বাংলাদেশের লক্ষ্য ১১ গোলেরও বেশি’
নারী সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচেই মালদ্বীপকে ১১ গোলে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টে নিজেদের শক্তির জানান দিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। আর এরপর থেকেই ফুটবলপাড়ায় এখন যত আলোচনা ‘গোল ব্যবধান’ নিয়ে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে— ভারত যদি ১১ গোল দেয়, তবে বাংলাদেশ কটা দেবে?
এই প্রশ্নের চূড়ান্ত উত্তর মাঠের খেলার জন্যই তোলা থাকছে। তবে ম্যাচ শুরুর আগেই লাল-সবুজের ফরোয়ার্ড শাহেদা আক্তার রিপা বেশ আত্মবিশ্বাসী কণ্ঠে জানিয়েছেন, মালদ্বীপের জালে ভারতের চেয়েও বেশিবার বল জড়াতে চান তারা।
এই লক্ষ্য পূরণের মিশন নিয়ে আগামী বৃহস্পতিবার (২৮ মে) গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। আর এই ম্যাচ দিয়েই শুরু হতে যাচ্ছে বাংলাদেশের হ্যাটট্রিক শিরোপা জয়ের মূল লড়াই।
এবারের সাফে ‘এ’ গ্রুপে সবচেয়ে শক্তিশালী দল নেপাল। ভুটানকে ১-০ গোলে হারিয়ে ইতোমধ্যে তারা নিজেদের মিশন শুরু করেছে। বড় কোনো অঘটন না ঘটলে এই গ্রুপ থেকে নেপালই সেরা হবে বলে ধরে নেওয়া যায়।
অন্যদিকে ‘বি’ গ্রুপের সেরা হওয়ার মূল লড়াইটা চলবে মূলত ভারত ও বাংলাদেশের মধ্যে। মালদ্বীপকে বড় ব্যবধানে হারিয়ে নিজেদের কাজটা বেশ এগিয়ে রেখেছে ভারত। এবার নিজেদের সামর্থ্য দেখানোর পালা বাংলাদেশের মেয়েদের।
মালদ্বীপ ম্যাচকে সামনে রেখে আজ মঙ্গলবার (২৬ মে) গোয়ার ব্যাম্বোলিম অ্যাথলেটিক ক্লাব মাঠে দেড় ঘণ্টারও বেশি সময় ধরে ঘাম ঝরিয়েছে বাংলাদেশ দল। মাঠের অবস্থা খুব একটা ভালো না হলেও, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছেন ঋতুপর্ণা-মারিয়ারা।
অনুশীলন শেষে দলের প্রতিনিধি হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন শাহেদা আক্তার রিপা। শুরুতেই ভারতের দেওয়া ১১ গোলের প্রসঙ্গ উঠলে রিপা বলেন, ‘আসলে টুর্নামেন্টের সব দলই চ্যালেঞ্জিং। ভারত যেহেতু মালদ্বীপকে ১১টি গোল দিয়েছে, আমাদেরও চেষ্টা থাকবে ওদের চেয়ে বেশি গোল দেওয়ার। ইনশাল্লাহ আগামী ২৮ তারিখের ম্যাচে আমাদের ভালো কিছুই হবে।’
রিপা বলেন, ‘প্রতিপক্ষ দল যখন প্রথম ম্যাচে এত বড় ব্যবধানে জেতে, তখন নিজেদের ওপরও একটা তাগিদ থাকে। আমাদের পুরো দলের চেষ্টা থাকবে ভারতের চেয়েও বড় ব্যবধানে ম্যাচটি জেতার।’
সাফের গত সাতটি আসরের ইতিহাস ঘাঁটলে দেখা যায়, শিরোপার লড়াই ঘুরেফিরে ভারত, নেপাল ও বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ। রিপাও মনে করেন এই দুটি দলই বাংলাদেশের জন্য আসল চ্যালেঞ্জ। তবে নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট রিপা।
বাংলাদেশের ফরোয়ার্ড রিপা বলেন, ‘নেপাল আর ভারত অবশ্যই আমাদের জন্য কঠিন প্রতিপক্ষ। তবে আমরা থাইল্যান্ডে ১৫ দিনের যে বিশেষ ক্যাম্প করেছি, সেটা আমাদের জন্য বড় একটা সুবিধা দেবে। এখানেও আমরা বেশ কয়েক দিন আগে এসেছি। আমাদের ফরোয়ার্ড লাইন দারুণ ফর্মে আছে। কোচ যেভাবে আমাদের কৌশল শিখিয়েছেন, আমরা মাঠে সেটাই করার চেষ্টা করব।’
বাংলাদেশ দলের বর্তমান স্কোয়াডে থাকা শিউলি, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা কিংবা নতুন অধিনায়ক মারিয়া মান্দাদের সামনে সুযোগ রয়েছে টানা তৃতীয়বার সাফের স্বাদ নেওয়ার। রিপা গত আসরে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ পেয়েছিলেন। এবার দ্বিতীয়বারের মতো ট্রফি ছুঁয়ে দেখতে মুখিয়ে আছেন তিনি।
দলগত লক্ষ্যের কথা জানিয়ে রিপা বলেন, ‘আমাদের সবার একটাই লক্ষ্য— ট্রফিটা সঙ্গে নিয়ে দেশে ফেরা। এবার জিতলে বাংলাদেশের হ্যাটট্রিক শিরোপা হবে। আমাদের দলের অনেকেরই এটি প্রথম সাফ ট্রফি হবে, আমার হবে দ্বিতীয় আর সিনিয়রদের হবে তৃতীয়। তাই সবাই মনের ভেতর অন্যরকম একটা রোমাঞ্চ নিয়ে অপেক্ষা করছে।’

স্পোর্টস ডেস্ক