সোমবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ
এশিয়ান গেমসে নিজেদের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইতোমধ্যে পরপর দুই ম্যাচ খেলে দুটিতেই বড় ব্যবধানে হেরেছে মারিয়া মান্দার দল। গ্রুপ পর্বের ম্যাচে তাই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য বাংলাদেশের সামনে। এ ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী মিয়ানমার।
সোমবার (২১ সেপ্টেম্বর) এশিয়ান গেমসে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিয়ানমারের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল। বাংলাদেশ সময় দুপুর ১টায় জাপানের নাগাই স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। প্রথম দুই ম্যাচে বড় ব্যবধানে হারের পর এই ম্যাচে ঘুরে দাঁড়িয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে চাইবে বাংলাদেশ।
এশিয়ান গেমসে বাংলাদেশের শুরুটা হয়েছে হতাশাজনকভাবে। প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে এবং দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হেরেছে মারিয়া মান্দার দল। ফলে শেষ ম্যাচে জয় নিয়ে টুর্নামেন্ট শেষ করাই বাংলাদেশের মূল লক্ষ্য।
অন্যদিকে, মিয়ানমারও প্রথম দুই ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ এবং উত্তর কোরিয়ার কাছে ৮-০ গোলে হেরেছে। ফলে দুই দলই পয়েন্টহীন অবস্থায় শেষ ম্যাচে নামছে। একই সঙ্গে দুই দলেরই লক্ষ্য থাকবে এশিয়ান গেমসে অন্তত একটি জয় নিয়ে গ্রুপ পর্ব শেষ করা।
তবে বাংলাদেশের জন্য এই লড়াইও সহজ হবে না। কারণ র্যাংকিংয়ে বাংলাদেশের তুলনায় বেশ এগিয়ে আছে মায়ানমার। ফিফা র্যাংকিংয়ে বর্তমানে মিয়ানমার আছে ৫৫তম অবস্থানে। আর বাংলাদেশ আছে ১০৭ তম অবস্থানে।
অবশ্য এ ম্যাচে সুখস্মৃতি নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। দুই দলের শেষ দেখায় জয়ের হাসি হেসেছিল বাংলাদেশই। ২০২৫ সালের এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ে মিয়ানমারকে তাদের মাটিতেই ২-১ গোলে হারিয়ে প্রথমবার এশিয়ান কাপে কোয়ালিফাই করেছিল বাংলাদেশ। সেই ম্যাচের আত্মবিশ্বাস এবার এশিয়ান গেমসের মঞ্চে মারিয়া, ঋতুপর্ণাদের অনুপ্রেরণা জোগাবে।
শেষ ম্যাচে তাই প্রতিপক্ষের বিপক্ষে আগের জয়ের স্মৃতি কাজে লাগিয়ে নিজেদের স্বাভাবিক খেলায় ফেরার লক্ষ্য থাকবে বাংলাদেশের। জয় দিয়ে এশিয়ান গেমসের অভিযান শেষ করতে পারলে সেটি লাল-সবুজের প্রতিনিধিদের জন্য বড় এক স্বস্তির সমাপ্তিই হবে।

স্পোর্টস ডেস্ক