শেষের ঝড়ে দ. কোরিয়ার বিপক্ষেও বড় হার বাংলাদেশের
শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথমার্ধে ভালোই প্রতিরোধ গড়েছিল বাংলাদেশ। কিন্তু সময় যত গড়াল ততই যেন কিছুটা ক্লান্ত হয়ে পড়ল বাংলাদেশ। সেটার ছাপ পড়ল ম্যাচের ফলাফলেও। শেষদিকে দ্রুত গোলহজম বড় ব্যবধানেই হারল বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) চীনের নাগাই স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬-০ গোলের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এ নিয়ে টানা দুই ম্যাচে হারল বাংলাদেশ। প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে ১০-০ গোলে হেরেছিল বাংলাদেশ।
দক্ষিণ কোরিয়া শক্তি-সামর্থ, ফুটবলীয় ঐতিহ্য এবং অতীত ইতিহাসে বাংলাদেশের চেয়ে অনেক অনেক এগিয়ে। মাঠের খেলায়ও দেখা মিলল সেটার। পুরো ম্যাচে বল দখলের লড়াইয়ে একচ্ছত্র আধিপত্য করেছে দক্ষিণ কোরিয়া। ৭৫ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য ২০টি শট নিয়েছে তারা। এর মধ্যে লক্ষ্যে ছিল ১৩টি। বিপরীতে বাংলাদেশ মোটে একটি শট নিতে পেরেছিল বাংলাদেশ। সেটিও লক্ষ্যে ছিল না।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে দক্ষিণ কোরিয়া। গোল পেতেও তাদের খুব বেশি দেরি হয়নি। ম্যাচের ১৬তম মিনিটে লিড নেয় দক্ষিন কোরিয়া। জি সো-ইয়ুন এর পাস থেকে বল পেয়ে গোল করেন কিম মিন-জি।
এরপর রক্ষণে আরও বেশি সতর্ক হয় বাংলাদেশ। তবুও আরও একবার বাংলাদেশের জালে বল জড়িয়েছিল দক্ষিণ কোরিয়া। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয়ে যায় সেটি।
তবে প্রথমার্ধের শেষদিকে আরও একটি গোল হজম করে বাংলাদেশ। ৪২তম মিনিটে ব্যবধান বাড়ান জিয়ং দা-বিন। এরপর আর কোনো গোল না হলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় দক্ষিণ কোরিয়া।
দ্বিতীয়ার্ধের শুরুতেও বাংলাদেশের প্রতিরোধটা বেশ ভালোই ছিল। ৬৫তম মিনিটে ভাঙে সেই প্রতিরোধ, তৃতীয় গোল আদায় করে নেয় দক্ষিণ কোরিয়া।
এরপর দ্রুতই ক্লান্তি ভর করে বাংলাদেশের ফুটবলারদের ওপর। ৭৭তম মিনিটে স্কোরলাইন ৪-০ করে দক্ষিণ কোরিয়া। দুই মিনিট পরই পঞ্চমবার বাংলাদেশের জালে বল জড়ায় তারা। এরপর যোগ করা সময়ের প্রথম মিনিটে বাংলাদেশের কফিনে শেষ পেরেক ঠুকে দেয় দক্ষিণ কোরিয়া।

স্পোর্টস ডেস্ক