পাঁচ পরিবর্তন নিয়ে দ. কোরিয়ার বিপক্ষে মাঠে বাংলাদেশ
এশিয়ান গেমসে প্রথম ম্যাচটি ভালো যায়নি বাংলাদেশের। উত্তর কোরিয়ার বিপক্ষে হেরেছে বড় ব্যবধানে। দ্বিতীয় ম্যাচেও কঠিন পরীক্ষার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এবার প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। সেই ম্যাচের জন্য চমক দিয়ে শুরুর একাদশ ঘোষণা করেছেন বাংলাদেশে ইংলিশ কোচ পিটার বাটলার।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১টায় চীনের নাগাই স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচের একাদশ থেকে এই ম্যাচের একাদশে পাঁচটি পরিবর্তন এনেছে পিটার বাটলার।
এক সময়ে বাংলাদেশের গোলবারের নিচে সবচেয়ে বিশ্বস্ত হাত ছিলেন রুপনা চাকমা। কিন্তু হঠাৎ পাওয়া সুযোগে মিলি আক্তার ভালো করায় দীর্ঘদিন ধরেই গোলবারের নিচে দাঁড়ানো হচ্ছিল না রুপনার। অবশেষে বাটলালের মন গলাতে পেরেছেন তিনি। ফিরেছেন বাংলাদেশের গোলবারের নিচে।
বাটলার এ ম্যাচে বড় পরিবর্তনটা এনেছেন ডিফেন্সে। আগের ম্যাচে তরুণ ডিফেন্ডারদের ভুলের পর ভুলের কারণে এ ম্যাচে অভিজ্ঞদের ওপরই ভরসা রেখেছেন তিনি। শুরুর একাদশে ফিরিয়েছেন শিউলি আজিম আর সামসুন্নাহার সিনিয়রকে।
মিডফিল্ডে ফিরেছেন মিডফিল্ডের ইঞ্জিন খ্যাত মনিকা চামকা। আগের ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়া আনিকা রানিয়া সিদ্দিকী নেই শুরুর একাদশে।
অন্যদিকে, আক্রমণভাগে শুরুর একাদশে ফিরেছেন বাংলাদেশের পোস্টারগার্ল খ্যাত ঋতুপর্না চাকমা। তার সঙ্গী হয়েছেন সামসুন্নাহার জুনিয়রও।
বাংলাদেশের একাদশ
মারিয়া মান্দা (অধিনায়ক), রুপনা চাকমা, আফঈদা খন্দকার, শিউলি আজিম, সামসুন্নাহার জুনিয়র, মমিতা খাতুন, কোহাতি কিসকু, মনিকা চাকমা, তহুরা খাতুন, ঋতুপর্ণা চাকমা, সামসুন্নাহার সিনিয়র।

স্পোর্টস ডেস্ক