বিসিবি নির্বাচনে দুই দিনে জমা পড়েছে ৩৩ মনোনয়নপত্র
আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। এর আগে আজ ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সময়সীমা শেষ হওয়ার আগে গত দুই দিনে পরিচালক পদের জন্য মিলিয়ে মোট ৩৩টি মনোনয়নপত্র জমা পড়েছে।
আজ শুক্রবার (২২ মে) বিকেলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ তাহেরুল হক চৌহান।
নির্বাচনি কার্যক্রমের বর্ণনা দিয়ে রিটার্নিং অফিসার বলেন, ‘আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। সকাল ১০টা থেকে শুরু করে বিকেল ৫টা পর্যন্ত আমরা বিরতিহীনভাবে মনোনয়নপত্র গ্রহণ করেছি।’
বিসিবি নির্বাচনে পরিচালক নির্বাচিত হন তিনটি ক্যাটাগরি থেকে। রিটার্নিং অফিসার জানান, ‘ক্যাটাগরি-১ (বিভাগ ও জেলা) থেকে আমরা ১৪টি মনোনয়নপত্র পেয়েছি। সবচেয়ে বেশি মনোনয়নপত্র জমা পড়েছে ক্যাটাগরি-২ (ঢাকা ভিত্তিক ক্লাব) থেকে। এই ক্যাটাগড়িতে ১৮টি মনোনয়ন জমা পড়েছে। আর ক্যাটাগরি-৩ থেকে কেবল ১টি মনোনয়নপত্র জমা পড়েছে।’
নির্বাচনি তফসিল অনুযায়ী, আগামীকাল শনিবার (২৩ মে) জমা পড়া এই মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই করা হবে এবং এরপরই বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
তাহেরুল হক চৌহান বলেন, ‘মনোনয়নপত্রগুলো আমরা আজ গ্রহণ করেছি। বিসিবির ২০২৪ সালের সংশোধিত গঠনতন্ত্র এবং নির্বাচন পরিচালনার জন্য তৈরি বিশেষ নীতিমালা— এই দুটি বিষয় মাথায় রেখেই আগামীকাল আমরা সব ফরম যাচাই-বাছাই করব।’
সাবেক ক্রিকেটার শাহরিয়ার হোসেন বিদ্যুতের মনোনয়নপত্র তোলার বিষয়ে তৈরি হওয়া জটিলতারও ব্যাখ্যা দেন রিটার্নিং অফিসার।
তাহেরুল হক চৌহান বলেন, ‘তিনি (বিদ্যুত) শুরুতে ফরম তুলেছিলেন। তবে বিসিবির গঠনতন্ত্র পর্যালোচনা করে দেখা গেছে, ক্যাটাগরি-৩ এ নির্বাচন করার যোগ্যতা তার নেই। তিনি খেলোয়াড় কল্যাণ সংস্থার একজন প্রতিনিধি। এই কারণে তিনি কাউন্সিলর হিসেবে থাকতে পারলেও পরিচালক পদে নির্বাচন করতে পারবেন না।’ বিষয়টি নিয়ে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছিল জানিয়ে তিনি আরও যোগ করেন, ‘শুরুতে তিনিও বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পারেননি। পরে বিষয়টি বুঝতে পেরে তিনি নিজেই ফরম ফেরত দিয়েছেন।’

স্পোর্টস ডেস্ক