‘আমি তো বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছি না’
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল ও জনপ্রিয় কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বছরের পর বছর ধরে দেশের তারকা ক্রিকেটারদের ছায়া হয়ে আগলে রেখেছেন তিনি। দীর্ঘ অপেক্ষার পর ২০২৪ সালে দ্বিতীয়বারের মতো জাতীয় দলের কোচিং প্যানেলে যোগ দিয়েছিলেন সালাউদ্দিন। তবে সেখানে ১৮ মাস কাজ করার পর এবার জাতীয় দলের দায়িত্ব ছাড়লেন তিনি।
অবশ্য ক্রিকেট মাঠ থেকে দূরে সরছেন না সালাউদ্দিন। জাতীয় দল ছেড়ে এবার নতুন দায়িত্ব নিচ্ছেন বিসিবির হাই-পারফরম্যান্স (এইচপি) বিভাগের। আজ বৃহস্পতিবার (২১ মে) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের নতুন লক্ষ্য ও পরিকল্পনার কথা জানান অভিজ্ঞ এই কোচ।
জাতীয় দল থেকে এইচপি ইউনিটে আসা নিয়ে সালাউদ্দিনের মনে কোনো ক্ষোভ বা আক্ষেপ নেই। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোচ হিসেবে তরুণদের নিয়ে কাজ করাটাই তাঁর মূল আনন্দ।
সালাউদ্দিন বলেন, ‘আমি কোনোদিন বলিনি আমাকে জাতীয় দলের কোচ বানাতেই হবে। আপনারাই বলেছেন, আপনারাই বানিয়েছেন। দিনশেষে আমি একজন কোচ। যেখানে কাজ করে মজা পাব, সেখানেই করব। আমি এমন একটা মানুষ, আমার কোনো আক্ষেপ নেই। আমি আক্ষেপ নিয়ে বেঁচে থাকি না।’
জাতীয় দলের ক্রিকেটারদের মিস করবেন কি না— এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন স্বভাবসুলভ ভঙ্গিতে বলেন, ‘আমি তো বাংলাদেশ বা স্টেডিয়াম ছেড়ে চলে যাচ্ছি না। ক্রিকেটাররা এখানেই খেলবে, আমিও কাছাকাছিই থাকব। মিস করার তেমন কিছু নেই। হয়তো ড্রেসিংরুমের ভেতরের পরিবেশটা একটু মিস করতে পারি। তবে কোচিং তো আমাকে করতেই হবে। ক্রিকেটাররা ঘুরেফিরে আবার আমার কাছেই আসবে।’
এইচপি দলের দায়িত্ব নিলেও জাতীয় দলের পারফরম্যান্স ও ভবিষ্যৎ নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন সালাউদ্দিন। বিশেষ করে টেস্ট ক্রিকেটে বাংলাদেশকে বিশ্বমঞ্চের শীর্ষ সারিতে দেখতে চান তিনি।
ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে তিনি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত দেশের মাটিতে যতগুলো টেস্ট ম্যাচ আছে, সেগুলোতে যেন আমরা না হারি। ঘরের মাঠে জয়ের ধারা ধরে রাখার পাশাপাশি যদি আমরা দক্ষিণ আফ্রিকা বা অস্ট্রেলিয়ার মতো কঠিন কন্ডিশনে দু-একটা টেস্ট জিততে পারি, তাহলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষ চারে জায়গা করে নেওয়া সম্ভব। আর সেটা করতে পারলে তা হবে বাংলাদেশের ক্রিকেটের জন্য মস্ত বড় এক অর্জন।’

স্পোর্টস ডেস্ক