দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলে আছেন কারা?
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটা দারুণ কাটল বাংলাদেশের। পঞ্চম দিনের রোমাঞ্চ শেষে শেষ হাসিটা হেসেছে টাইগাররা। ১০৪ রানের বড় জয়ে সিরিজে এগিয়ে গেল নাজমুল হোসেন শান্তর দল। প্রথম ম্যাচ শেষ হতেই দ্বিতীয় ম্যাচের স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ।
আজ মঙ্গলবার (১২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পাকিস্তানের বিপক্ষে সিরিজ প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েছিলেন ওপেনার তানজিদ হাসান তামিম আর অমিত হাসান। তবে প্রথম টেস্টে অভিষেক হয়নি একজনেরও। সেটি নাহলেও দ্বিতীয় টেস্টে একাদশে জায়গা ধরে রেখেছেন তারা।
প্রথম ম্যাচে দুই ওপেনার বাদে সবাই দলের জয়ে দারুণ ভূমিকা রেখেছেন। কেউ ব্যাটিং আবার কেউ বোলিংয়ে ভালো করেছেন। তবে জয়ের কম্বিনেশন ভাঙতে চায়নি বাংলাদেশ। যে কারণে প্রথম ম্যাচের একাদশই রেখেছে দ্বিতীয় ম্যাচের জন্য।
আগামী ১৬ মে সিরিজের দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। গুঞ্জন ছিল আবহাওয়ার কারণে দ্বিতীয় ম্যাচও ঢাকা নিয়ে আসা হতে পারে। কিন্তু বিসিবি জানিয়েছে, এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। সিলেটেই হবে দ্বিতীয় টেস্টও।
বাংলাদেশের দ্বিতীয় টেস্টের স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান এবং অমিত হাসান।

স্পোর্টস ডেস্ক