সিলেট টেস্ট
একজনকে আউটের অপেক্ষা, জয়ের পথে বাংলাদেশ
শেষ দিনের শুরুটা সুখকর হয়নি বাংলাদেশের। সাজিদ খান ক্যাচ তুললেও সেটি নিতে পারেননি কেউ। এতে বাড়ছিল দীর্ঘশ্বাস। অবশেষে সেই সাজিদকে ফিরিয়েই স্বস্তি ফেরালেন তাইজুল ইসলাম। পরের ওভারে বোলিংয়ে এসে পথের কাঁটা দুর করলেন শরিফুল ইসলাম। জয় থেকে মাত্র একহাত দূরে বাংলাদেশ।
আজ বুধবার (২০ মে) সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শেষ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৯ উইকেট হারিয়ে ৩৫৮ রান তুলেছে পাকিস্তান। এখনও তারা পিছিয়ে আছে ৭৯ রানে।
৯৩তম ওভারে নাহিদ রানার বাউন্সারে পরাস্ত হয়ে ক্যাচ তুলেছিলেন সাজিদ। কিন্তু সেটি নিতে পারেননি কেউ। উইকেটকিপার লিটন দাস ও শর্ট স্কয়ার লেগে দাঁড়ানো তাইজুল ইসলামের মাঝে বলটা বেশ কিছুক্ষণ শূন্যে ভেসে ছিল। লিটন একটু এগিয়ে গেলেও তাইজুল নড়েননি। যে কারণে তাইজুলের ওপর কিছুটা রাগই করেছিলেন লিটন।
তিন ওভার পরে এসে সেই তাইজুলই বাংলাদেশ শিবিরে স্বস্তি ফেরান। তাইজুলের টার্ন করে বেড়িয়ে যাওয়া বল সাজিদের ব্যাট ছুঁয়ে চলে যায় প্রথম স্লিপে থাকা নাজমুল হোসেন শান্তর হাতে। সেটি তালুবন্দি করতে ভুল করেননি শান্ত। ৩৬ বলে ২৮ রান করে ফেরেন সাজিদ। তাকে ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারের ১৭তম ফাইফার তুলে নেন তাইজুল।
পরের ওভারে এসে পথের কাঁটা দূর করেন শরিফুল ইসলাম। সেঞ্চুরির দ্বারপ্রান্তে চলে যাওয়া পাকিস্তানের আশার বাতি হয়ে থাকা মোহাম্মদ রিজওয়ানকে মেহেদী হাসান মিরাজের ক্যাচ বানিয়ে ফেরত পাঠান তিনি। ১৬৬ বলে ৯৪ রান করে রিজওয়ান ফিরলে পাকিস্তানের সব আশা নিভে যায়।

স্পোর্টস ডেস্ক