বুলবুলকে জবাবদিহি করতে বললেন তামিম
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বিতর্কের শেষ নেই। ভিন্ন আঙ্গিকে বিপিএল আয়োজন করার কথা বলেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসর শেষ হয়েছে কয়েক মাস আগে। সেই টুর্নামেন্ট নিয়ে এবার নতুন বিতর্ক সামনে আনলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল।
আরও পড়ুন : বিপিএলে ফিক্সিং : শাস্তি পেলেন যে পাঁচজন
আজ বৃহস্পতিবার (৭ মে) বিপিএল নিয়ে মিরপুরে সংবাদ সম্মেলনে কথা বলেন তামিম। সেখানে ফ্র্যাঞ্চাইজিগুলোর চুক্তি এবং ব্যাংক গ্যারান্টি নিয়ে বড় ধরনের অনিয়মের অভিযোগ তুলেছেন তিনি।
তামিম ইকবাল অবাক হয়ে জানান, গত আসরে দুটি দল কোনো ধরনের আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই পুরো টুর্নামেন্ট খেলে ফেলেছে। তিনি বলেন, ‘দুইটা ফ্র্যাঞ্চাইজি একটা মৌসুম খেলে ফেলেছে অথচ কোনো চুক্তিই হয়নি। এটাকে কি আপনি শুধু ভুল বলবেন? অবশ্যই এর জন্য জবাবদিহি করতে হবে।’
আরও পড়ুন : শান্তর কাঠগড়ায় মিরপুরের উইকেট
বিপিএলের ফ্র্যাঞ্চাইজি ফি বা ব্যাংক গ্যারান্টি নিয়েও অনিয়মের ইঙ্গিত দিয়েছেন তামিম। এই ঘটনায় বিসিবি সর্বশেষ নির্বাচিত কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে জবাবদিহিতার কথা বলেছেন।
তামিম বলেন, ‘উনাকে (বুলবুল) জবাবদিহিতা করতে হবে। সে কী কারণে ১০ কোটি টাকার জায়গায় ৩ কোটি টাকা নিয়েছেন। একটা দলকে ফ্র্যাঞ্চাইজি নিতে না করেছে, তাও কেন দিয়েছে। এসবের উত্তর দিতে হবে।’
আরও পড়ুন : বিশ্বকাপ ফুটবল : ফিফাকে নতুন শর্ত দিল ইরান
কাউকে ব্যক্তিগত আক্রমণ করছেন না জানিয়ে তামিম বলেন, ‘আমি কিন্তু কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে চাই না। আমি ফ্যাক্ট নিয়ে আলোচনা করছি। কেউ যদি ভুল করে থাকে, তাকে জবাবদিহিতা করতে হবে। সে যেই হোক। আমি যদি এখন কোনো ভুল করে যাই, তাহলে আমাকেও জবাবদিহিতা করতে হবে।’
আরও পড়ুন : নতুন লক্ষ্যের কথা জানালেন শান্ত
গত বিপিএলে আর্থিক ক্ষতির চিত্রও তুলে ধরেন তামিম। তিনি জানান, টুর্নামেন্ট থেকে প্রায় ১৪ থেকে ১৬ কোটি টাকার মতো লোকসান হতে পারে। তামিম বলেন, ‘পুরোপুরি নিশ্চিত না আমি, তবে গত বিপিএলে ১৪-১৬ কোটি টাকা লস হতে পারে। দুর্ভাগ্যক্রমে বাংলাদেশে আপনি কালকে সকালে ঘুম থেকে উঠেও ফ্র্যাঞ্চাইজির মালিক হতে পারবেন।’

স্পোর্টস ডেস্ক