জাতীয় দলের দায়িত্ব ছেড়ে নতুন মিশনে সালাউদ্দিন
জাতীয় দলের পাইপলাইন শক্তিশালী করতে হাই-পারফরম্যান্স (এইচপি) ইউনিট নিয়ে বড় পরিকল্পনা হাতে নিয়েছে বিসিবি। আসন্ন মৌসুমে এই বিভাগের প্রধান কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন দেশের অন্যতম সেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
জাতীয় দলের গণ্ডি পেরিয়ে এবার তরুণ প্রতিভা গড়ার মিশনে তার ওপরই ভরসা রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে ইতোমধ্যে সালাউদ্দিনের প্রাথমিক আলোচনা ইতিবাচকভাবেই শেষ হয়েছে।
জানা গেছে, আগামী ৮ মে শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করেই জাতীয় দলের বর্তমান দায়িত্ব ছেড়ে এইচপির হাল ধরবেন তিনি।
এবারের এইচপি ইউনিটে বড় পরিবর্তন আনা হচ্ছে। এবার ক্রিকেটার বাছাইয়ের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট বয়সের মানদণ্ড থাকছে না। লাল ও সাদা বল মিলিয়ে মোট ৩৫ জন ক্রিকেটারকে নিয়ে সাজানো হচ্ছে এইচপি স্কোয়াড।
এইচপি দলে শুধু সালাউদ্দিনই নয়, তার সঙ্গে সহকারী হিসেবে কোচিং প্যানেলে আরও থাকছেন সোহেল ইসলাম, মিজানুর রহমান বাবুল, রাজিন সালেহ ও তালহা জুবায়েরের মতো অভিজ্ঞ মুখগুলো।
সবকিছু ঠিক থাকলে আগামী ১ জুন থেকে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে সিরিজ দিয়ে নতুন এই কোচিং প্যানেলের যাত্রা শুরু হবে। সিরিজের সূচি অনুযায়ী, ১ জুন শুরু হবে ক্যাম্প।
আগামী ৩ জুন বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে ‘এ’ দল। ৮, ১০ ও ১৩ জুন বগুড়া ও রাজশাহীতে হবে তিনটি ওয়ানডে ম্যাচ। এরপর সিলেটে দুটি চার দিনের (টেস্ট ফরম্যাট) ম্যাচ অনুষ্ঠিত হবে।
জিম্বাবুয়ে সিরিজ শেষ করে বিশ্রাম নেই এইচপি দলের। জুলাই মাসে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ। সেখানে তিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলবে তারা।
এরপর ১৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়া সফরে থাকবে সালাউদ্দিনের শিষ্যরা। অস্ট্রেলিয়ায় ‘টপ এন্ড’ টি-টোয়েন্টি টুর্নামেন্ট ছাড়াও দুটি চার দিনের ম্যাচ খেলার কথা রয়েছে। এছাড়া আসন্ন ইমার্জিং এশিয়া কাপেও এইচপি থেকেই ক্রিকেটারদের পাঠানো হবে।

স্পোর্টস ডেস্ক