মাঠের বাইরে এবার নতুন ভূমিকায় গেইল
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দাপুটে উপস্থিতির পর এবার নতুন পরিচয়ে সামনে এলেন ক্রিস গেইল। যাকে ছাড়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মাঠে গড়ানো ছিল অসম্ভব ব্যাপার, সেই গেইল এবার মাঠের বাইরে বড় দায়িত্বে। ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ (ইটিপিএল)-এর দল গ্লাসগো মুগাফিয়ান্সের সহ-মালিক হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ব্যাটার। খবর বিবিসির।
ভারতভিত্তিক মুগাফি গ্রুপের সঙ্গে এই ফ্র্যাঞ্চাইজির মালিকানায় আছেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। অভিষেকের সঙ্গে বিনিয়োগ করে গেইল যুক্ত হয়েছেন ক্লাবটির মালিকানায়, যা লিগটিকে ঘিরে বাড়তি আগ্রহ তৈরি করেছে।
আগামী ২৬ আগস্ট শুরু হয়ে ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ইটিপিএলের প্রথম আসর। ছয়টি দল অংশ নেবে এই টুর্নামেন্টে, যেখানে মোট ম্যাচ হবে ৩৩টি। গ্লাসগোর পাশাপাশি প্রতিযোগিতায় থাকবে আমস্টারডাম, এডিনবার্গ, ডাবলিন, বেলফাস্ট ও রটারডাম।
লিগটি নিয়ে আশাবাদী অভিষেক। তার মতে, ইটিপিএল ইউরোপে ক্রিকেটের নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে এবং তরুণ প্রতিভা গড়ে তোলার ভালো একটি প্ল্যাটফর্ম হবে।
একই সুরে কথা বলেছেন ‘ইউনিভার্স বস’-খ্যাত গেইলও। তিনি এটিকে নিজের জন্য নতুন ও রোমাঞ্চকর অধ্যায় হিসেবে দেখছেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই লিগকে সফল করতে চান তিনি। পাশাপাশি স্থানীয় ক্রিকেটারদের তুলে আনার দিকেও জোর দিয়েছেন ক্যারিবীয় কিংবদন্তি।
ইতোমধ্যে লিগটিতে যুক্ত হয়েছেন বেশ কিছু পরিচিত নাম। ক্রিকেটের আরেক কিংবদন্তি স্টিভ ওয়াহ ও হকি আইকন জেমি ডায়ার আছেন আমস্টারডাম দলের সঙ্গে, যার নেতৃত্বে থাকবেন মিচেল মার্শ। বেলফাস্ট দলের সহমালিক গ্লেন ম্যাক্সওয়েল। এডিনবার্গের সহমালিকানায় নাম রয়েছে কাইল মিলস ও নাথান ম্যাককালামের। মাঠে, নেতৃত্বে থাকবেন আরেক কিউই তারকা মিচেল স্যান্টনার।

স্পোর্টস ডেস্ক