মেসির ম্যাজিকে মায়ামির আরেকটি উদযাপন
হঠাৎই ইন্টার মায়ামির কোচের দায়িত্ব ছেড়েছেন হাভিয়ের মাসচেরানো। নতুন কোচের দায়িত্ব পেয়েছেন গুইলার্মো হোয়োস। তার অভিষেক রাঙাতে নিজের সবটা দিলেন মেসি। জোড়া গোল করলেন তিনি। আর্জেন্টাইন সুপারস্টারের ম্যাজিকে জয় তুলে নিল মায়ামিও।
আজ রোববার (১৯ এপ্রিল) ভোরে কলোরাডো র্যাপিডসকে ৩-২ গোলে হারিয়ে মেজর লিগ সকারে (এমএলএস) জয়ের ধারা বজায় রেখেছে ইন্টার মায়ামি। লস অ্যাঞ্জেলস এফসির কাছে হার দিয়ে মৌসুম শুরু করা দলটি ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে এমএলএস পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে।
ম্যাচের ১৮তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে মায়ামিকে এগিয়ে নেন মেসি। প্রথমার্ধেই স্কোর লাইন ২-০ করেন জার্মান বেরতেরাম। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গোল করেন তিনি।
বিরতি থেকে ফিরে মায়ামিকে চেপে ধরে কলোরাডো। মাত্র চার মিনিটের মধ্যে দুই গোল পরিশোধ করে দেয় তারা। ম্যাচের ৫৮তম মিনিটে ব্যবধান ২-১ করেন রাফায়েল নাভারো। এরপর ৬২তম মিনিটে ম্যাচে সমতা ফেরান ড্যারেন ইয়াপি।
ম্যাচ যখন ড্রয়ের দিকে যাচ্ছিল। ঠিক তখনই দেখা যায় ‘মেসি ম্যাজিক’। ম্যাচের ৭৯তম মিনিটে মাঝমাঠ থেকে বল কেড়ে নিয়ে একক প্রচেষ্টায় বক্সে ঢুকে পড়েন তিনি। দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে বাঁ পায়ের নিখুঁত শটে জয়সূচক গোলটি করেন মেসি।
এই মৌসুমে এটি মেসির সপ্তম গোল। লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন স্যাম সুরিজ ও পিটার মুসার সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন তিনি।
ম্যাচের শেষ দিকে ইয়ানিক ব্রাইট লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় মায়ামি। তবে বাকি সময়টুকু রক্ষণ সামলে জয় নিয়ে মাঠ ছাড়ে হোয়োসের শিষ্যরা।
টানা সাত ম্যাচ অপরাজিত থাকা ইন্টার মায়ামি এখন লিগ শিরোপার দৌড়ে বেশ ভালোভাবেই টিকে আছে।

স্পোর্টস ডেস্ক