জানা গেল ডিপিএলের দলবদলের সময়
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুমের জন্য খেলোয়াড়দের দলবদল আগামী ১৮ ও ১৯ এপ্রিল নির্ধারিত করেছে ক্রিকেট কমিটি অব মেট্রোপলিস (সিসিডিএম)। দুদিনই সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অবস্থিত সিসিডিএম কার্যালয়ে এই দলবদল অনুষ্ঠিত হবে।
দেশের শীর্ষস্থানীয় লিস্ট ‘এ’ প্রতিযোগিতা হিসেবে পরিচিত এই লিগ শুরুর তারিখ এখনও ঘোষণা করেনি সিসিডিএম। কর্মকর্তারা জানিয়েছেন, মে মাসের প্রথম সপ্তাহে টুর্নামেন্ট শুরু করার চেষ্টা করা হচ্ছে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১২টি দল হলো- আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, গাজী গ্রুপ ক্রিকেটার্স, লিজেন্ডস অফ রূপগঞ্জ, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, বসুন্ধরা স্ট্রাইকার্স (ধানমন্ডি স্পোর্টস ক্লাব), রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, সিটি ক্লাব, ঢাকা লিওপার্ডস।
রেলিগেশন থাকছে না আসন্ন ঢাকা লিগে। রেলিগেশন না থাকার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির অ্যাডহক কমিটির সদস্য ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মিনহাজুল আবেদীন নান্নু গণমাধ্যমকে বলেন, ‘এবার কারো জন্যই কোনো রেলিগেশন (অবনমন) থাকছে না।’
আমিনুল ইসলাম বুলবুল বিসিবি সভাপতি থাকাকালীন বিদ্রোহ করেছিল ক্লাবগুলো। তামিম ইকবালের বোর্ড অবশ্য তাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে রেলিগেশন না থাকার ব্যাপারে কথা বলেন ক্লাব কর্তারা।
আম্বার স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা জিয়াউর রহমান তপু বলেন— ‘এ বছর রেলিগেশন যেমন থাকছে না, তেমনি যে চারটি দল দ্বিতীয় বিভাগ থেকে প্রথম বিভাগে এবং প্রথম বিভাগ থেকে প্রিমিয়ার লিগে উন্নীত হয়েছে, তারাও প্রমোশন পাবে। সভাপতি সেই চারটি ক্লাবের সঙ্গে কথা বলে বিষয়টি চূড়ান্ত করবেন। তারা যদি আগের বিভাগেই থাকতে চায়, তা হলে পরের মৌসুমে প্রচলিত নিয়মে খেলা হবে।’

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)