ট্রলের জবাবে যা বললেন মিঠুন
বাংলাদেশের ক্রিকেটারদের প্রতিনিধিত্বকারী সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন (কোয়াব)। এই সংগঠনের সভাপতি মোহাম্মদ মিঠুন। তার কর্মকাণ্ড নিয়ে আছে অনেক সমালোচনা। প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের শিকার হতে হয় মিঠুনকে।
আজ শুক্রবার (১০ এপ্রিল) মিরপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় মিঠুন দাবি করেন, পরিকল্পিতভাবে বট বাহিনী দিয়ে তার বিরুদ্ধে এসব করানো হচ্ছে। এসব গায়ে মাখেন না বলেও জানান কোয়াব সভাপতি।
মিঠুন বলেন, ‘স্ক্রলিং (ফেসবুকে) করতে করতে জিনিসিটা দেখে। দেখে, সবাই দেখে যে নেগেটিভ একটা কমেন্টস আসছে, সেও একটা নেগেটিভ কমেন্ট করে দেয়। কিন্তু সেটা কতটুকু... তাদের কি চাওয়া উচিত কিনা বা সেটা যৌক্তিক কোনো কথা কি না, সে জিনিসটা কিন্তু দেখে না।’
এগুলো বট বাহিনী দিয়ে পরিকল্পতভাবে করানো হচ্ছে বলে দাবি মিঠুনের। তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো আমরা দেখছি। এগুলো মানুষের কাছে অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে যে, এটা একটা পরিকল্পিত বা একটা বট বাহিনী, আমি নাম শুনেছি কিছুদিন আগে। তাদেরকে দিয়ে জিনিসিটা পরিকল্পিতভাবে করানো হচ্ছে।’
তবে এসব কথা গায়ে মাখেন না বলে জানালেন কোয়াব সভাপতি। মিঠুন বলেন, ‘আমি আসলে সোশ্যাল মিডিয়া নিয়ে খুব একটা চিন্তিত না। এখন আপনাদের সাথে একটু বেশি কথা বলতে হয়। প্লেয়ারদের প্রতিনিধি হিসেবে কথা বলতে হয়। (ট্রল বেশি যায় আপনার দিকে) যাক না সমস্যা কী (হাসি)। প্লেয়ারদের তো উপকার হচ্ছে ভাই। প্লেয়ারদের নিয়ে কথা বলতে গেলে যদি কারও কষ্ট হয়, হোক, সেই কষ্টে আমার কোনো দুঃখ নাই।’

স্পোর্টস ডেস্ক