নাজমুলকে ক্ষমা চাওয়ার আলটিমেটাম কোয়াবের, যা বলল বিসিবি
ক্রিকেটারদের সংগঠন কোয়াব কেবল বিপিএল না খেলার কথাই বলেনি, তারা সবধরনের ক্রিকেট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। কোয়াবের দাবি ছিল বিসিবি পরিচালক এম. নাজমুল ইসলামের পদত্যাগ। সেটি হয়নি এখনও। বিসিবি তাকে শুধু অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দিয়েছে। দাবি অনুযায়ী যা যথেষ্ট নয়।
কোয়াবের আলটিমেটাম অনুযায়ী, আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মাঠে আসেননি কোনো ক্রিকেটার। মাঠে গড়ায়নি বিপিএলে দিনের দুই ম্যাচের একটিও। এমন পরিস্থিতিতে শঙ্কা জেগেছে বিপিএল অনির্দিষ্টকালের জন্য বন্ধ হতে পারে। তবে, কিছুটা নমনীয় হয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোয়াব জানিয়েছে, শুক্রবার থেকেই খেলতে চায়। তবে এর জন্য আছে শর্ত। বিসিবি পরিচালক নাজমুল ইসলামকে তার বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার কথা বলেছে তারা।
কোয়াবের বিবৃতিতে বলা হয়েছে, ‘বিসিবি পরিচালক এম. নাজমুল ইসলাম যেহেতু প্রকাশ্যে ক্রিকেটারদের নিয়ে অপমানজনক কথা বলেছেন, তিনি প্রকাশ্যে ক্ষমা চাইবেন বলে আমরা আশা করি। বিসিবিকে আমরা জানিয়ে দিয়েছি, তিনি প্রকাশ্যে ক্ষমা চাইলে ও তার পরিচালক পদ নিয়ে প্রক্রিয়া চলমান থাকলে আমরা শুক্রবার থেকেই খেলায় ফিরতে প্রস্তুত।’
এর এগে তাকে অর্থ কমিটি থেকে প্রত্যাহারের প্রতিক্রিয়ায় কোয়াব লিখেছে, ‘নাজমুল ইসলামকে অর্থ কমিটি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। যেহেতু তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং তার পরিচালক পদ নিয়ে প্রক্রিয়াগত কারণে যেহেতু বিসিবি সময় চেয়েছে, সেই সময়টুকু আমরা দিতে চাই। তবে আশা করব, সেই প্রক্রিয়া চলমান থাকবে।’
জানা গেছে, এই ব্যাপারে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে ফোনে আলাপ হয়েছে কোয়াবের। সেখানে আমিনুলকেও বলা হয়েছে প্রকাশ্য ক্ষমার ব্যাপারে। বিসিবি সভাপতি অবশ্য তা নাকচ করে জানিয়ে দিয়েছেন, এমনটি সম্ভব নয়।

স্পোর্টস ডেস্ক