সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
দুদলের সামনে অভিন্ন লক্ষ্য। সিরিজ নিজেদের করতে হলে ম্যাচ জয়ের বিকল্প নেই। এই সমীকরণ নিয়ে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে আজ রোববার (১৫ মার্চ) মুখোমুখি হয়েছে বাংলাদেশ-পাকিস্তান। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে পাকিস্তান।
পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি বলেন, 'আমাদের খেলোয়াড়রা ভালো পারফর্ম করবে, সেটিই আশা করি। এটি ভিন্ন ম্যাচ, আগের দুই ম্যাচের চেয়ে আলাদা।'
বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, 'উইকেট বেশ ভালো দেখাচ্ছে। আমার দল আত্মবিশ্বাসী। গত দুই ম্যাচে বোলাররা ভালো করেছে। আমাদের ব্যাটারদের নিয়ে কথা হয়। যদি রান করতে পারে, দায়িত্ব নিয়ে খেলতে পারে, আমরা অবশ্যই ভালো করব।'
প্রথম ম্যাচে দারুণ বোলিংয়ে মাত্র ১১৪ রানেই পাকিস্তানকে গুটিয়ে দিয়েছিল বাংলাদেশ। সে ম্যাচে নাহিদ রানার বোলিংয়ের সামনে দিশেহারা হয়ে পড়েছিল পাকিস্তানের ব্যাটাররা। ক্যারিয়ার সেরা বোলিংয়ের পাশাপাশি প্রথমবার ফাইফার তুলে নিয়েছিলেন নাহিদ। পরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটেই জয় তুলে নেয় বাংলাদেশ।
বৃষ্টিস্নাত দ্বিতীয় ম্যাচে বোলিংয়ে ভালো করতে পারেনি বাংলাদেশ। বড় রানের সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। পরে বৃষ্টির কারণে পাহাড়সম লক্ষ্য দাঁড়ায় বাংলাদেশের সামনে। সেই পাহাড়ে পিষ্ঠ হয়েছে বাংলাদেশ, গুটিয়ে গেছে ১১৪ রানে। হেরেছে ১২৮ রানে।
তিন ম্যাচের সিরিজ দুই ম্যাচ শেষে দাঁড়িয়েছে ১-১ সমতায়। সিরিজ জয়ের পাশাপাশি বাংলাদেশের সামনে লক্ষ্য ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা। যে কারণে টাইগারদের নজর ঘরের মাঠের সিরিজগুলোর দিকে। এটি বিবেচনায় নিলে পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য।

ক্রীড়া প্রতিবেদক