ভারত-ইংল্যান্ড ম্যাচও কী একপেশে হবে?
দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ডের ম্যাচ ঘিরে প্রত্যাশা ছিল ভক্তদের। দুই হেভিওয়েটের লড়েই হবে সেয়ানে-সেয়ান, এমন আশা করা ভুল কিছু নয়। কিন্তু, ম্যাচ হয়েছে একপেশে। ফিন অ্যালেনের বিধ্বংসী ব্যাটিংয়ে ১৭০ রানের লক্ষ্য ১৩ ওভারের আগেই পার করে নিউজিল্যান্ড। ৯ উইকেটের জয়ে প্রথম দল হিসেবে পৌঁছেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে।
আজ বৃহস্পতিবার (৫ মার্চ) বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি। অনেকের কৌতূহল, এটিও একপেশে হবে না তো! চিরস্থায়ী অনিশ্চয়তার খেলা ক্রিকেটে কোনো কিছুই উড়িয়ে দেওয়া যায় না।
ওয়াংয়খেড়ের যে পিচে খেলা হবে, সেটি বড় রানের পিচ। ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন বলছে্, ২০০-র বেশি রান হওয়ার মতো উইকেট এটি। সেক্ষেত্রে ইংল্যান্ড ও ভারত, দুদলেই হার্ডহিটারের ছড়াছড়ি। যারা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন যেকোনো সময়। আর রান তাড়ায় দুদলই অন্যতম সেরা। বিশেষ করে, ভারত এদিক থেকে এগিয়ে থাকবে।
ধারণা করা যাচ্ছে, বড় রানের ম্যাচ দেখতে চলেছে ভক্তরা। ফিন অ্যালেনের মতো অতিমানবীয় ইনিংস রোজ রোজ কেউ খেলেন না। কিন্তু, কেউ একজন দাঁড়িয়ে গেলে প্রতিপক্ষের ঘুম হারাম হয়ে যায়। মঞ্চটা যদি হয় ফাইনালে ওঠার, সেখানে বিন্দু পরিমাণ ছাড়ের আশা করা বোকামি।
দর্শক অবশ্য চায় জমজমাট ম্যাচ। রোমাঞ্চ, উত্তেজনা, উৎকণ্ঠায় ঠাসা ম্যাচ হলে, তবেই না আসল নির্যাস পাওয়া যায়।

স্পোর্টস ডেস্ক