সম্মান না পেলে ক্রিকেটে ফিরবেন না বিজয়
ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকা অভিযোগে এনামুল হক বিজয় জায়গা পাননি সর্বশেষ বিপিএলে। খেলেননি চলমান বাংলাদেশ ক্রিকেট লিগেও (বিসিএল)। মাঠের ক্রিকেটে না থাকলেও মাঠের বাইরে আলোচনায় বিজয়। আজ মঙ্গলবার (৩ মার্চ) নতুন করে আগুনে ঘি ঢাললেন জাতীয় দলের এই ক্রিকেটার।
মিরপুর জাতীয় স্টেডিয়ামে চলছে উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলের ফাইনাল। বিসিএল ফাইনালের মাঝে সংবাদ সম্মেলন ডাকেন বিজয়। সেখানে তার সঙ্গে হওয়া অন্যায় নিয়ে কথা বলেন এই তারকা। পাশাপাশি বিজয় জানান, সম্মান না পেলে আর ক্রিকেটে ফিরবেন না।
বিজয় বলেন, 'আমার ক্রিকেট খেলার দরকার নাই। সম্মানের জন্যই ক্রিকেটে আসা। সম্মান না পেলে খেলব না আর। জাতীয় দলে ১০-১২ বছর ধরে খেলছি। অনূর্ধ্ব-১৯ দল, এ দলের অধিনায়কত্ব করেছি। ফার্স্টক্লাস ক্রিকেটে ৫১টা সেঞ্চুরি আছে। আমি তো উড়ে এসে জুড়ে বসা প্লেয়ার না।'
বিজয়ের দাবি তিনি কোনোরকম ফিক্সিংয়ের সঙ্গে জড়িত নন। যদি জড়িত থাকে, বিসিবি যেন প্রকাশ করে। অন্যথা, তাকে এভাবে হেনস্তা করার মানে হয় না।
বিজয় যোগ করেন, 'আমি দোষ করলে বলুক। প্রকাশ করুক। দোষ করলে আমি তো এত কনফিডেন্ট থাকতাম না। আমার পেমেন্টও বাকি বিপিএলের। কোনো টুর্নামেন্ট খেলছি না। কোনো আয় নেই। বিসিবির দ্বারে দ্বারে ঘুরছি, তারা কোনো সমাধান দিচ্ছে না।'

ক্রীড়া প্রতিবেদক