বিশ্বকাপের আগ মুহূর্তে দুঃসংবাদ পেল ভারত
পর্দা উঠতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। আগামী শনিবার (৭ ফেব্রুয়ারি) মাঠে গড়াবে ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণের বৈশ্বিক লড়াই। কিন্তু এর আগেই দুঃসংবাদ পেল ভারত।
বিশ্বকাপের আগে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ার্ম-আপ ম্যাচ খেলেছে ভারত। মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমি মাঠে অনুষ্ঠিত এই ম্যাচই ভারতের জন্য দুঃসংবাদ নিয়ে এসেছে।
ভারতের বিশ্বকাপ দলের গুরুত্বপূর্ণ সদস্য পেসার হর্ষিত রানা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও মাঠে নেমেছিলেন তিনি। এক ওভার বলও করেছেন হর্ষিত। ওই ওভারেই চোটে ভুগতে দেখা যায় তাকে। চোট নিয়েই নিজের ১৬ রান দিয়ে প্রথম ওভার শেষ করলেও এরপর তাকে মাঠে দেখা যায়নি।
নিজের প্রথম ওভার বল করতে এসেই দুইবার রান-আপ নেওয়ার সময় মাঝপথে থেমে যান হর্ষিত। কিছুক্ষণ পরই তাকে হাঁটু চেপে ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায়।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, হর্ষিতের এই চোট নিয়ে তার সতীর্থ এবং কোচিং স্টাফরা বেশ উদ্বিগ্ন। তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি।
এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে চোট পান অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। সেই চোটের কারণে এখনো বিশ্বকাপের স্কোয়াডে যোগ দিতে পারেননি তিনি। এর ওপর আবার হর্ষিতের চোট ভারতের জন্য বড় দুঃশ্চিন্তার কারণ।

স্পোর্টস ডেস্ক