জয়ে রাঙিয়ে টুর্নামেন্ট শেষ করল ঢাকা ক্যাপিটালস
টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হওয়া ঢাকা ক্যাপিটালসের লক্ষ্যটা ছিল শেষটা জয় দিয়ে রাঙানো। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে চট্টগ্রাম রয়্যালসের বোলারদের শাসন করেন সাইফ হাসান। পরে বাকি কাজটা করেন বোলাররা। এতে বড় জয় দিয়ে শেষটা রাঙাল রাজধানীর দলটি।
আজ রোববার (১৮ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৯.৫ ওভারে অলআউট হওয়ার আগে ১৭০ রান সংগ্রহ করে ঢাকা ক্যাপিটালস।
রান তাড়ায় নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় চট্টগ্রাম রয়্যালস। প্রথম বলেই ফিরে যান ওপেনার মোহাম্মদ হারিস। সেই শুরু, এরপর আর কোনো ব্যাটারই দায়িত্ব নিতে পারেননি। পুরো ইনিংসে মাত্র একজন ব্যাটার ২০ বা তার ওপরে রান করেছেন। বাকিদের ব্যর্থতার ভিড়ে শেষদিকে শেষদিকে ব্যাটহাতে ৪২ রান করেন আমের জামাল। তার এই ইনিংস কেবল হারের ব্যবধানই কমিয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান আসে হাসান নাওয়াজের ব্যাট থেকে।
টস হেরে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক শুরু করেন ঢাকা ক্যাপিটালসের ওপেনার উসমান খান। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি, ফিরেছেন ৬ বলে ১৬ রানে।
এরপর ব্যাটিংয়ে নেমে ব্যর্থতার সব অন্ধকার দূর করেন সাইফ হাসান। পুরো টুর্নামেন্ট জুড়ে রানখরায় থাকা সাইফ শাসন করতে শুরু করেন চট্টগ্রামের বোলারদের। আরেক ওপেনার জুবায়েদ আকবরীকে নিয়ে গড়েন ৯০ রানের জুটি। ৩০ বলে ২৯ রান করা আকবরী ফিরলে ভাঙে সেই জুটি।
এরপর গোল্ডেন ডাকে ফেরেন শামীম হোসাইন পাটোয়ারী। চলমান বিপিএলে প্রথম হাফসেঞ্চুরি তুলে নিয়ে সেঞ্চুরির দিকে ছুটছিলেন সাইফ। শেষ পর্যন্ত ফিরেছেন ৪৪ বলে ৭৩ রান। সমান পাঁচটি করে চার আর ছক্কা ছিল সাইফের ইনিংসে।
বাকিরা অবশ্য আর দায়িত্ব নিতে পারেননি। ইনিংস বড় করতে পারেননি সাব্বির রহমান (৯ বলে ৯), মোহাম্মদ মিঠুন (১২ বলে ১৫), মোহাম্মদ সাইফউদ্দিনরা (৮ বলে ১২)। এতে ২০ ওভারের পুরোটাও খেলতে পারেনি ঢাকা।
সংক্ষিপ্ত স্কোর
ঢাকা ক্যাপিটালস : ১৯.৫ ওভারে ১৭০/১০ (জুবাইদ ২৯, উসমান ১৬, শামীম ০, সাব্বির ৯, সাইফ ৭৩, মিঠুন ১৫, সাইফউদ্দিন ১২, ইমাদ ২, তোফায়েল ১, মারুফ ০, তাসকিন ০*; শরিফুল ৪-০-১৮-২, মুকিদুল ৩-০-৪০-১, তানভীর ৪-০-২৫-৩, জামাল ৩.৫-০-৪৯-২, মেহেদী ৪-০-২৫-১, হাসান ১-০-১২-০)
চট্টগ্রাম রয়্যালস : (হারিস ০, নাঈম ১৮, জয় ৬, সাদমান ০, হাসান ১৯, মেহেদী ৩, আসিফ ১২, জামাল ৪২, তানভীর ১, মুকিদুল ০, শরিফুল ১৪*; তাসকিন ৪-১-২৮-৩, ইমাদ ৪-১-৯-১, মারুফ ৪-০-৪০-০, সাইফউদ্দিন ৩.৪-০-২০-৪, তোফায়েল ৩-০-২৭-১, জুবাইদ ১-০-২-০)
ফলাফল : ঢাকা ক্যাপিটালস ৪২ রানে জয়ী

স্পোর্টস ডেস্ক