হারের চোখ রাঙানি এড়িয়ে ড্র করল বাংলাদেশ
ভারতের বিপক্ষে দুর্দান্ত খেলা সেই বাংলাদেশকে ভুটানের বিপক্ষে পাওয়া গেলো না। বেশ কয়েকবার ভুল করে বসলেন। এতে হারের শঙ্কায় পড়ে গিয়েছিল টাইগ্রেসরা। তবে শেষ দিকে দারুণ লড়াইয়ে ড্র করে মাঠ ছেড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
আজ শনিবার (১৭ জানুয়ারি) থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে ভুটানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে বাংলাদেশ। এতে দুই ম্যাচ খেলে ঝুলিতে ৪ পয়েন্ট হলো সাঈদ খোদারাহমির দলের।
মাঠে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। পঞ্চম মিনিটেই বাংলাদেশকে চমকে দিয়ে বল জালে জড়িয়ে দেয় ভুটান। জামিয়াং চোডেনের কোনোকুনি শট পোস্ট ঘেঁষে জালে জড়ায়।
তবে জবাব দিতে সময় নেয়নি বাংলাদেশ। ২ মিনিট পরই সমতা ফেরান মাতসুসিমা সুমাইয়া। দূরপাল্লার শটে খুঁজে নেন জাল। ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।
বিরতি থেকে ফিরে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। তবে আবারও কপাল পুড়ে বাংলাদেশের। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে আবারও এগিয়ে যায় ভুটান। সতীর্থের ব্যাক পাস নিখুঁত শটে বল জালে জড়িয়ে দেন সোনম লাহমো।
ফেরার লড়াইয়ে মরিয়া বাংলাদেশ একটু পর উল্টো আরও এক গোল হজম করে বসে। ওয়ান-টু-ওয়ানে গোল পোস্ট ছেড়ে গোলকিপার বেরিয়ে আসেন গোলরক্ষক স্বপ্ন আক্তার ঝিলি। সেই সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান ৩-১ করেন সোনম।
এরপর তারাহুরো না করে বিল্ডাপ ফুটসাল খেলে বাংলাদেশ। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে পায়ের কারিকুরিতে একাধিক খেলোয়াড়কে কাটিয়ে, লক্ষ্যভেদ করে ব্যবধান করেন অধিনায়ক সাবিনা।
একটু পর মাঝমাঠ সতীর্থকে পাস দিয়েছিল ভুটানের এক ফুটবলার। পেছনে থেকে গিয়ে দারুণ ক্ষিপ্রতায় বল কেড়ে নেন মাসুরা পারভীন। বল এগিয়ে গিয়ে গতিময় শটে বল জালে জড়িয়ে দেন তিনি। তার এই গোলে সমতায় ফেরে বাংলাদেশ।
শেষ দিকে ভুটানের অর্ধভাগে চাপ বাড়ায় বাংলাদেশ। কিন্তু সাবিনার শট, এরপর কর্নারে মাসুরার শট লক্ষ্যভ্রষ্ট হলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় দলকে।
রাউন্ড রবিন লিগে নিজেদের তৃতীয় ম্যাচে আগামী সোমবার নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

স্পোর্টস ডেস্ক