ঢাকাকে বিদায় করে প্লে-অফে রংপুর
ঢাকা ক্যাপিটালসকে জন্য ম্যাচটি ছিল বাঁচা-মরার। বিপিএলে পিকে থাকতে হলে জয়ের বিকল্প ছিল না। রংপুর রাইডার্সের হিসেবে অতটা কঠিন না হলেও, জয়টা তাদেরও দরকার ছিল। জিতলেই যে প্লে-অফ নিশ্চিত হবে। এমন অবস্থায় আজ শনিবার (১৭ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয় দল দুটি। হাই স্কোরিং ম্যাচে ১১ রানের জয় পায় রংপুর।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৪ উইকেটে ১৮১ রান তোলে রংপুর। জবাবে ২০ ওভারে ৭ উইকেটে ১৭০ রানে থামে ঢাকা।
রান তাড়ায় দ্বিতীয় ওভারেই বিদায় নেন ঢাকার ওপেনার আব্দুল্লাহ আল মামুন। তাকে রানের খাতাই খুলতে দেননি ফাহিম আশরাফ। অপর ওপেনার উসমান খানও হন ফাহিমের শিকার। তার আগে অবশ্য ১৮ বলে ৫টি চার ও ১টি ছক্কায় ৩১ রান করেন উসমান।
মাঝে বল হাতে আঘাত হানেন রংপুর পেসার নাহিদ রানা। মূলত তার বলের সামনেই নিয়ন্ত্রণ হারায় ঢাকা। প্রথমে সাইফ হাসানকে (৬ বলে ১২) বোল্ড করেন নাহিদ। সাব্বির রহমানকেও (৯ বলে ৮) ফেরান নাহিদ। ঢাকা অধিনায়ক মোহাম্মদ মিঠুনের ২৯ বরে ২৫ রানের ইনিংস থামে নাহিদকে উইকেট দিয়ে।
ঢাকার মেরুদণ্ড ভেঙে দেন নাহিদ, যা থেকে সোজা হতে পারেনি দলটি। সাইফউদ্দিন একপাশে লড়েছেন একাই। ৩০ বলে ৩টি চার ও ৫টি ছক্কায় অপরাজিত থাকেন ৫৮ রানে। তবু, দলকে জেতাতে পারেননি।
রংপুরের পক্ষে ১১ রানে ৩ উইকেট নেন নাহিদ। ফাহিম পান ২ উইকেট।
চোটের কারণে গত তিনটি ম্যাচে মাঠে নামা হয়নি ডেভিড মালানের। মাঠে ফিরেই চার-ছক্কার বৃষ্টি নামালেন মিরপুরে। তাকে সঙ্গ দিলেন তাওহিদ হৃদয়। টস হেরে ব্যাটিংয়ে নেমে এই দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে শুরুটা দারুণ হয় রংপুরের।
স্বাগতিক ঢাকার বোলার আক্ষেপ বাড়িয়ে নির্বিঘ্নে ১৪ ওভার কাটিয়ে দেন মালান আর হৃদয়। এই সময়ে গড়েন ১২৬ রানের জুটি। হাফসেঞ্চুরি তুলে নিয়ে মালান ছুটছিলেন সেঞ্চুরির পথে। তবে তাসকিন আহমেদ সেটি করতে দিলেন না। ৪৯ বলে ৭৮ রান করা মালানকে ফেরান তিনি।
ততক্ষণে আরেক প্রান্তে হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন হৃদয়ও। এরপর তাকে ফেরান চলতি বিপিএলে প্রথম ম্যাচ খেলতে নামা মারুফ মৃধা। ৪৬ বলে ৬২ রান আসে হৃদয়ের ব্যাট থেকে।
তিন নম্বরে ১৬ বলে ২৪ রানের ইনিংস খেলেন কেইল মায়ার্স। লিটন দাস উইকেটে এসে প্রথম বলেই ফিরে যান। রংপুর ইনিংস শেষ করে ১৮১ রান তুলে।
ঢাকা ক্যাপিটালসের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। একটি করে উইকেট গেছে তাসকিন আহমেদ আর মারুফ মৃধার ঝুলিতে।
এই জয়ে ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠে এসেছে রংপুর। নিশ্চিত হয়েছে প্লে-অফ। ৯ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে নোয়াখালী এক্সপ্রেসের পর বিদায় নিল ঢাকা।
সংক্ষিপ্ত স্কোর
রংপুর রাইডার্স : ২০ ওভারে ১৮১/৪ (মালান ৭৮, হৃদয় ৬২, মায়ার্স ২৪, লিটন ০, খুশদিল ৬*, সোহান ১*; তাসকিন ৪-০-২০-১, মারুফ ৪-০-৪১-১, সাইফউদ্দিন ৪-০-৩৩-২, ইমাদ ৪-০-৩৯-০, নাসির ২-০-৩০-০, মামুন ২-০-১৩-০)
ঢাকা ক্যাপিটালস : ২০ ওভারে ১৭০/৭(উসমান ৩১, মামুন ০, সাইফ ১২, সাব্বির ৮, মিঠুন ২৫, শামীম ১০, সাইফউদ্দিন ৫৮*, ওয়াসিম ২০, তাসকিন ২*; মায়ার্স ১-০-১৭-০, আশরাফ ৪-০-৪৩-২, মুস্তাফিজ ৪-০-৩০-১, নাহিদ ৪-০-১১-৩, রাকিবুল ৪-০-৪৩-১, খুশদিল ৩-০-২৫-০)
ফলাফল : রংপুর ১১ রানে জয়ী

ক্রীড়া প্রতিবেদক