নিজ অবস্থান থেকে এক ইঞ্চিও নড়বে না বিসিবি
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে ফের বৈঠক করেছে বিসিবি ও আইসিসি। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভার্চুয়ালি সভাটি অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ চারজন। তাদের একজন সহ-সভাপতি সাখাওয়াত হোসেন।
আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের অনুরোধ পুনর্ব্যক্ত করেছে বোর্ড। সভা শেষে সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা আমাদের অবস্থানেই আছি। অবশ্যই আমরা পজিটিভ আছি, আমরা আমাদের অবস্থান থেকে এক ইঞ্চিও নড়ব না। বিকল্প খুঁজছে আইসিসি, আলোচনার পথ খোলা আছে।’
সভা শেষে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে বিসিবি। ভিডিও কনফারেন্সের আবারও নিরাপত্তার বিষয়টি তুলে ধরেছে জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘আলোচনায় নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে বিসিবি ভারতে ভ্রমণ না করার সিদ্ধান্তের বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নেওয়ার জন্য আবারও আইসিসিকে অনুরোধ করেছে।’
তবে এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি আইসিসি। বিবৃতিতে আরও বলা হয়, ‘আইসিসি জানিয়েছে ইতোমধ্যেই টুর্নামেন্টের সূচি ঘোষণা করা হয়েছে। তারা বিসিবিকে তাদের অবস্থান পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছে। উভয় পক্ষই সম্ভাব্য সমাধানের পথ খুঁজতে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে।’
নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বিসিবি। খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘বিসিবি খেলোয়াড়, কর্মকর্তা এবং কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিষয়টি সমাধানের জন্য আইসিসি-র সঙ্গে আলোচনা চালিয়ে যাবে বিসিবি।’

স্পোর্টস ডেস্ক