বাংলাদেশের ভারত সফর নিয়ে কী বললেন সাবেক ভারতীয় অধিনায়ক?
নিলামে তুমুল জনপ্রিয় মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে উগ্র হিন্দুত্ববাদীদের দাবির মুখে। এরপরই গরম হয়ে উঠেছে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক। মূলত গত বছর থেকে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে সম্পর্কের অবনতি শুরু হলেও মুস্তাফিজ ইস্যুতে সেটি প্রকাশ্যে এসেছে।
ভারতের এমন হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে বাংলাদেশও নড়েচড়ে বসেছে। নিরাপত্তা শঙ্কার কারণে আগামী মাসে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে বাংলাদেশে আইপিএল সম্প্রচার না করার নির্দেশ দেওয়া হয়েছে।
দুই দেশের মধ্যে চলমান এই বিরোধ শুধু ক্রিকেটেই সীমাবদ্ধ থাকবে না কি অন্য কোনো ইভেন্টে পড়বে, সেই প্রশ্নও উঠছে। এই প্রশ্নের উত্তর দিতে হয়েছে ভারতের হয়ে ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক এবং পিজিটিআই সভাপতি কপিল দেবকে।
প্রফেশনাল গলফ ট্যুর অব ইন্ডিয়ায় (পিজিটিআই) অংশ নেওয়ার কথা বাংলাদেশের গলফারদের। কিন্তু এই পরিস্থিতিতে পিজিটিআইতে আর বাংলাদেশ অংশ নেবে, এমন প্রশ্ন করা হয়েছিল কপিল দেবকে। তিনি জানিয়েছেন, বাংলাদেশের গলফারদের প্রফেশনাল গলফ ট্যুর অফ ইন্ডিয়াতে খেলার অনুমতি দেওয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
পিজিটিআই থেকে বাংলাদেশি গলফারদের নিষিদ্ধ করার ব্যাপারে জানতে চাইলে কপিল বলেন, ‘আমরা বসে সাম্প্রতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’
পিজিটিআই ট্যুরে বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে উল্লেখযোগ্য নাম হলেন– জামাল হোসেন, মো. সিদ্দিকুর রহমান ও মো. আকবর হোসেন। পিজিটিআইয়ের সর্বশেষ আসরে দারুণ পারফর্ম করে চ্যাম্পিয়ন হয়েছিলেন বাংলাদেশের জামাল হোসেন।

স্পোর্টস ডেস্ক