বিশ্বকাপ দল বিশ্লেষণ
দক্ষিণ আফ্রিকার শক্তিমত্তা, দুর্বলতা ও সম্ভাবনা
সময়ের হিসাবে মাত্র চার দিন। এরপরই পর্দা উঠবে ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরের। ওয়ানডে বিশ্বকাপের এবারের আসরে অংশ নেবে ১০টি দল। বিশ্ব ক্রিকেটের শ্রেষ্ঠত্ব প্রমাণের সবচেয়ে বড় আসর এই ওয়ানডে বিশ্বকাপ। ভারতের ১০টি ভিন্ন শহরের ১০টি স্টেডিয়ামে সব মিলিয়ে মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। চলুন জেনে নেওয়া যাক বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার সম্ভাবনা, শক্তিমত্তা ও দুর্বলতা।
কখনও বিশ্বকাপ জিততে না পারলেও দক্ষিণ আফ্রিকাকে খাটো করে দেখার সুযোগ নেই। ওয়ানডে র্যাঙ্কিংয়ে চারে থাকা প্রোটিয়ারা সাম্প্রতিক সিরিজগুলোতে ভালোই সাফল্য পেয়েছে। সদ্যই অস্ট্রেলিয়ার মাটিতে তাদের ৩-২ ব্যবধানে সিরিজ হারিয়েছে টেম্বা বাভুমার দল। প্রোটিয়াদের শক্তিমত্তা বা দুর্বলতা কি, সেটা একটু জেনে নেওয়া যাক।
বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার রেকর্ড : এখন পর্যন্ত ৯টি বিশ্বকাপে অংশগ্রহণ করা দক্ষিণ আফ্রিকা ১৯৯২, ১৯৯৯, ২০১১ ও ২০১৫ বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে। তবে শিরোপার এত কাছে গিয়েও তা জিততে পারেনি দলটি। ২০১৯ বিশ্বকাপে অবশ্য সেমিতে উঠতে পারেনি প্রোটিয়ারা।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড পর্যালোচনা : এরই মধ্যে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে অংশগ্রহনকারী ১০ দল। প্রায় প্রতিটি দলই নতুন কোনো মুখ রেখেছে দলে। সেদিক থেকে পিছিয়ে নেই দক্ষিণ আফ্রিকাও। মার্কো ইয়ানসেন, লিজাড উইলিয়ামস এর মতো তরুণদের দলে নিয়েছে প্রোটিয়ারা। এছাড়াও মার্করাম, মিলারদের মতো অভিজ্ঞরা দলটির অন্যতম ভরসার জায়গা।
বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার স্কোয়াড : টেম্বা বাভুমা (অধিনায়ক), জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, মার্কো ইয়ানসেন, হেনরিখ ক্লাসেন, আন্দিল ফেলুকওয়ায়ো, কেশব মহারাজ, এইডেন মার্করাম, লুঙ্গি এনগিদি, ডেভিড মিলার, লিজাড উইলিয়ামস, কাগিসো রাবাদা, তাবরিজ শামসি, রাসি ফন ডার ডুসেন।
দক্ষিণ আফ্রিকার শক্তিমত্তা : ভারতের মাটিতে বিশ্বকাপ হলেও দক্ষিণ আফ্রিকা বেশ এগিয়ে থাকবে। কন্ডিশন বিবেচনার পাশাপাশি অতীতে এশিয়ার মাটিতে প্রোটিয়াদের ভালো করার রেকর্ড আছে। দক্ষিণ আফ্রিকার অন্যতম শক্তির জায়গা তাদের ব্যাটিং ইউনিট। ডি কক, ডেভিড মিলারদের মতো ব্যাটাররা যে কোনো কন্ডিশনে ভালো করার সামর্থ্য রাখে। পাশাপাশি তাবরিজ শামসির মতো স্পিনাররা নিজেদের সেরাটা দিতে মুখিয়ে।
দক্ষিণ আফ্রিকার দুর্বলতা : দক্ষিণ আফ্রিকার অন্যতম দুর্বলতা বোলারদের ব্যর্থতা। সাম্প্রতিক সিরিজগুলোতে ব্যাটাররা ভালো করলেও বোলাররা সেই অর্থে জ্বলে উঠতে পারেনি। যা বড় দুশ্চিন্তার কারণ। তাই বিশ্বকাপে ভাল করতে হলে বোলারদের দায়িত্ব নেওয়ার কোনো বিকল্প নেই।
দক্ষিণ আফ্রিকার সম্ভাবনা : ২০১৯ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে ছিটকে গেলেও বর্তমান দক্ষিণ আফ্রিকা দলটি বেশ সমীহ জাগানিয়া। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে দলটি ভারতের মাটিতে নিজেদের অধরা শিরোপা জিততে মরিয়া। দেখার পালা টেম্বা বাভুমা তার দলকে কতদূর নিয়ে যেতে পারেন।

স্পোর্টস ডেস্ক