২০২৭ বিশ্বকাপের ‘বি’ গ্রুপে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
আগামী বছর অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপের ১০টি দল ইতোমধ্যে চূড়ান্ত হয়ে গেছে। নিয়ম অনুযায়ী, অংশগ্রহণ করা মোট ১২টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। এবার সেই গ্রুপ বিন্যাস করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) আসন্ন বিশ্বকাপের প্রাথমিক গ্রুপ বিন্যাস চূড়ান্ত করে আইসিসি। যেখানে ‘বি’ গ্রুপে জায়গা পেয়েছে বাংলাদেশ। এই গ্রুপে টাইগারদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা এবং বাছাইপর্ব পেরিয়ে আসা আরও একটি দল।
অন্যদিকে, ‘এ’ গ্রুপে জায়গা পেয়েছে শক্তিশালী ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, আফগানিস্তান, সহ-স্বাগতিক জিম্বাবুয়ে এবং বাছাইপর্বের আরেকটি দলকে। এর ফলে গ্রুপ পর্বেই বিশ্ব ক্রিকেটের দুই জায়ান্ট ভারত ও অস্ট্রেলিয়ার হাইভোল্টেজ লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
আইসিসির নতুন এই ফরম্যাট অনুযায়ী, টুর্নামেন্টের দুই গ্রুপের সেরা সাতটি দল জায়গা করে নেবে সুপার সেভেন পর্বে। এরপর সেখান থেকে সেরা চার দল জোয়গা করে নেবে সেমিফাইনালে। ফলে গ্রুপ পর্বের বাধা পেরিয়ে সুপার সেভেনে নিজেদের শক্ত অবস্থান নিশ্চিত করাই হবে বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য।
‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষদের মধ্যে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড সব সময়ই ওয়ানডে ক্রিকেটে বেশ ভয়ংকর প্রতিপক্ষ। এছাড়া ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মতো দলগুলোর রয়েছে বিশ্বকাপ জয়ের সমৃদ্ধ ইতিহাস। ফলে পরের রাউন্ডে টিকিট পেতে হলে গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচেই বাংলাদেশকে দারুণ লড়াই করতে হবে।
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। আগামী বছরের অক্টোবর থেকে নভেম্বর মাসজুড়ে তিন দেশের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিশ্ব আসরের ম্যাচগুলো।

স্পোর্টস ডেস্ক