এখন ১০ লাখেই এসএমই বোর্ডে শেয়ার লেনদেন
পুঁজিবাজারের এসএমই (ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ) বোর্ডে শেয়ার লেনদেনের জন্য যোগ্য ব্যক্তি বিনিয়োগকারীদের ন্যূনতম বিনিয়োগসীমা ১০ লাখ টাকা নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর ফলে আগের তুলনায় কম বিনিয়োগ নিয়েই বিনিয়োগকারীরা এসএমই বোর্ডে শেয়ার কেনাবেচার সুযোগ পাবে।
কমিশনের এক হাজার ৪০ তম সভায় এসএমই বোর্ডে সেকেন্ডারি লেনদেনের জন্য যোগ্য বিনিয়োগকারীদের ন্যূনতম বিনিয়োগসীমা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) কমিশনের চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এক প্রজ্ঞাপনে সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আব্দুল কালাম বলেন, এসএমই বোর্ডে সেকেন্ডারি মার্কেটে লেনদেনের জন্য যোগ্য ব্যক্তি বিনিয়োগকারীদের ন্যূনতম বিনিয়োগসীমা ৩০ লাখ টাকা থেকে কমিয়ে ১০ লাখ টাকা নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসির পূর্ববর্তী আদেশ বা নির্দেশনা সংশোধন করে নতুন আদেশ জারির তারিখ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

নিজস্ব প্রতিবেদক