ঢাকা স্টকের প্রধান সূচকের উত্থান, লেনদেন ১০৭৬ কোটি টাকা
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ। মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩১ পয়েন্ট। এদিন লেনদেন বেড়ে এক হাজার ৭৬ কোটি টাকায় চলে এসেছে। গতকাল সোমবারের (২৩ নভেম্বর) তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরও কমেছে।
মঙ্গলবার লেনদেন শেষে ডিএসইএক্স বেড়েছে ৩০ দশমিক ৮৪ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৫৮৮ দশমিক শূন্য দুই পয়েন্টে। এদিন ডিএস-৩০ সূচক ১৫ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় দুই হাজার ১১৩ দশমিক ৪৭ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক শূন্য ৫৮ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ৭৫ দশমিক ৭৮ পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে এক হাজার ৭৬ কোটি চার লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস সোমবার লেনদেন হয়েছিল ৯২০ কোটি ৮২ লাখ টাকা। আজ ডিএসইতে মূলধন দাঁড়ায় ছয় লাখ ৭৫ হাজার ১৯০ কোটি ৫১ লাখ টাকা। গতকাল সোমবার মূলধন ছিল ছয় লাখ ৭৫ হাজার ২৫৫ কোটি ১৭ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৪৬টির, কমেছে ১৭৬টির ও শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৫৫টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে একমি পেস্টিসাইডসের শেয়ার। কোম্পানিটির ৪৭ কোটি এক লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মালেক স্পিনিংয়ের ৪২ কোটি ৫১ লাখ টাকা, আইপিডিসি ফাইন্যান্সের ৪২ কোটি ১০ লাখ টাকা, বেক্সিমকোর ২৯ কোটি ২১ লাখ টাকা, শাহজিবাজার পাওয়ারের ২৭ কোটি ৬০ লাখ টাকা, ফারইস্ট নিটিংয়ের ২৬ কোটি ৮৫ লাখ টাকা, সিটি ব্যাংকের ২২ কোটি টাকা, ব্র্যাক ব্যাংকের ২১ কোটি ৭৫ লাখ টাকা এবং প্রাইম ব্যাংকের ২১ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ইউনিট। কোম্পানিটির দর কমেছে আট দশমিক ৮০ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১২ দশমিক ৬৯ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক