আধুনিক ওয়েবসাইট চালু করল বিএসইসি
সহজে তথ্য ও সেবা দিতে নতুন এবং আধুনিক অফিসিয়াল ওয়েবসাইট চালু করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। রোববার (৬ সেপ্টেম্বর) এই ওয়েবসাইটটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে।
বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানান, নতুন ওয়েবসাইট চালুর মাধ্যমে বিএসইসির আইন-কানুন, এনফোর্সমেন্ট অ্যাকশন, প্রেস বিজ্ঞপ্তি, টেন্ডার বিজ্ঞপ্তি, জনগুরুত্বপূর্ণ অফিস আদেশ, নিবন্ধিত বিভিন্ন স্টেকহোল্ডারের তালিকা, আইপিও, আরপিও প্রসপেক্টাসসহ কমিশন সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য সহজে পাওয়া যাবে।
এছাড়া বিএসইসির বিভিন্ন সেবা ও সেবা-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য নতুন ওয়েবসাইটের মাধ্যমে সহজে পাওয়া যাবে। ফলে বিনিয়োগকারী, পুঁজিবাজারের অংশীজন ও সাধারণ সেবাগ্রহীতারা প্রয়োজনীয় তথ্য দ্রুত সংগ্রহ করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্বের স্বনামধন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর আধুনিক ওয়েবসাইটের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। এতে উন্নত সাইবার নিরাপত্তা ব্যবস্থা, আধুনিক ও ব্যবহারবান্ধব ইন্টারফেস এবং তথ্য ও সেবা সহজে পাওয়ার সুবিধা যুক্ত করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান মাসুদ খানের নেতৃত্বে এবং কমিশনার (আইসিটি) তানভীর হাবিব রহমানের তত্ত্বাবধানে কমিশনের আইসিটি ডিভিশনের উদ্যোগে প্রযুক্তি অংশীদার প্রতিষ্ঠানের কারিগরি সহায়তায় ওয়েবসাইটটি ডেভেলপ করা হয়।
নতুন ওয়েবসাইটটি পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতকরণ এবং বিনিয়োগকারীবান্ধব সেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে কমিশনের চলমান ডিজিটাল রূপান্তর কার্যক্রমও নতুন ওয়েবসাইটের মাধ্যমে আরও গতিশীল হবে বলে আশা করছে বিএসইসি। নতুন ওয়েবসাইট চালুর সঙ্গে সঙ্গে বিএসইসির পূর্ববর্তী অফিসিয়াল ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে। নতুন ওয়েবসাইটের ঠিকানা sec.gov.bd। ওয়েবসাইট সম্পর্কে মতামত, পরামর্শ বা ফিডব্যাক website@sec.gov.bd ই-মেইলে পাঠানো যাবে।

নিজস্ব প্রতিবেদক