পুঁজিবাজারকে আন্তর্জাতিক মানের করতে অংশীজনদের সঙ্গে বিএসইসির মতবিনিময়
প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, জবাবদিহি, দক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন পুঁজিবাজার করতে অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার (১৫ জুলাই) ঢাকার আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে এ বিষয়ে এক সভায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিএসইসি এ তথ্য জানিয়েছে।
সভায় বিএসইসির চেয়ারম্যান ও কমিশনার, কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল, ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, সিএফএ সোসাইটি বাংলাদেশ, বিভিন্ন মার্চেন্ট ব্যাংক, ইস্যু ম্যানেজারসহ সংশ্লিষ্ট অংশীজনদের প্রতিনিধিরা অংশ নেন।
মতবিনিময় সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অব ইকুইটি সিকিউরিটিজ) রুলস, ২০২৫-এর আওতায় আইপিও-সংক্রান্ত আর্থিক বিবরণী প্রস্তুত, নিরীক্ষা ও আবেদন প্রক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে নিরীক্ষক, ইস্যু ম্যানেজার, ইস্যুয়ারদের ভূমিকা ও দায়বদ্ধতা এবং আইপিও প্রক্রিয়াকে আরও কার্যকর ও বিনিয়োগবান্ধব করার বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ ছাড়া আইপিও প্রাইসিং, পাবলিক ইন্টারেস্ট এনটিটির তালিকাভুক্তি, ডাইরেক্ট লিস্টিং এবং রাইট ইস্যুসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় উঠে আসে। সভায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধিরা আইপিও প্রক্রিয়ায় বিদ্যমান চ্যালেঞ্জ, বাস্তব অভিজ্ঞতা এবং সম্ভাব্য সংস্কার বিষয়ে তাদের মতামত ও সুপারিশ তুলে ধরেন।
বিএসইসি জানায়, অংশীজনদের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় নীতি সহায়তা এবং আইনি সংস্কারের পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিজস্ব প্রতিবেদক