ডিএসই : ব্যাংক-বিমায় লেনদেন ৩৫ শতাংশ
গেল সপ্তাহে (২৬ থেকে ৩০ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্যাংক খাতের কোম্পানিগুলোর শেয়ার। এতে খাতটি লেনদেনের শীর্ষে অবস্থান করছে। পরবর্তী অবস্থানে রয়েছে সাধারন বিমা খাত। এই দুই খাতে সম্মিলিতভাবে লেনদেন হয়েছে ৩৫ দশমিক ৩৬ শতাংশ।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, গত সপ্তাহে মোট লেনদেন হয়েছে চার হাজার ৭১৬ কোটি ৯৬ লাখ ৬০ হাজার টাকা। এতে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ৯৪৩ কোটি ৩৯ লাখ ৩০ হাজার টাকা। পুঁজিবাজারে বর্তমানে ২১টি খাতে মোট ৪১৩টি প্রতিষ্ঠান তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে ব্যাংক এবং সাধারণ বিমা—এই দুই খাতের ৭৯টি প্রতিষ্ঠানে লেনদেন হয়েছে এক হাজার ৬৬৬ কোটি ৯০ লাখ ৫০ হাজার টাকা। বাকি ১৯টি খাতের ৩৩৪টি প্রতিষ্ঠানে লেনদেন হয়েছে তিন হাজার ৫০ কোটি ছয় লাখ ১০ হাজার টাকা।
শীর্ষ অবস্থানে থাকা ব্যাংক খাতের ৩৬টি প্রতিষ্ঠানে মোট লেনদেন হয়েছে ৮৮৩ কোটি ৩৮ লাখ টাকা। এই খাতে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ১৭৬ কোটি ৬৭ লাখ ৬০ হাজার টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ১৮ দশমিক ৭৪ শতাংশ। লেনদেনে দ্বিতীয় অবস্থানে থাকা সাধারণ বিমা খাতের ৪৩টি প্রতিষ্ঠানে লেনদেন হয়েছে ৭৮৩ কোটি ৫২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার, যা মোট লেনদেনের ১৬ দশমিক ৬২ শতাংশ।
অন্যান্য খাতের মধ্যে প্রকৌশল খাতে ১১ দশমিক ৬৮ শতাংশ, বস্ত্র খাতে ১০ দশমিক ৮১ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে আট কোটি ৩৬ লাখ টাকা, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ছয় দশমিক ৩৩ শতাংশ, জ্বালানি ও শক্তি খাতে চার দশমিক ৫২ শতাংশ, বিবিধ খাতে চার দশমিক ৪৫ শতাংশ, জীবন বিমা খাতে চার দশমিক ৩৪ শতাংশ, আইটি খাতে দুই দশমিক ৯৫ শতাংশ, চামড়া খাতে দুই দশমিক ১৩ শতাংশ, সেবা আবাসন খাতে দুই দশমিক ১১ শতাংশ, মিউচুয়াল ফান্ড খাতে এক দশমিক ৫১ শতাংশ এব পেপার ও প্রিন্টিং খাতে এক দশমিক ৩৩ শতাংশ লেনদেন হয়েছে।
বাকি খাতগুলোর মধ্যে টেলিকম খাতে শূন্য দশমিক ৯৫ শতাংশ, নন-ব্যাংকিং আর্থিক খাতে শূন্য দশমিক ৯৫ শতাংশ, টেলিকম খাতে শূন্য দশমিক ৯৫ শতাংশ, সিমেন্ট খাতে শূন্য দশমিক ৭৩ শতাংশ, সিরামিক খাতে শূন্য দশমিক ৯১ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে শূন্য দশমিক ৪৫ শতাংশ, পাট খাতে শূন্য দশমিক শূন্য সাত শতাংশ এবং করপোরেট বন্ড খাতে শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ লেনদেন সম্পন্ন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক