মক্কায় সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু
সৌদি আরবের মক্কায় নিজ কর্মস্থলে কাজ করার সময় সিঁড়ি থেকে পড়ে মারা গেছেন চট্টগ্রামের ফটিকছড়ির এক প্রবাসী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ শহীদ উল্লাহ বাবু ফটিকছড়ি উপজেলার দক্ষিণ পাইন্দং ইউনিয়নের ছোট মৌলভী বাড়ির মাওলানা শামসুল হুদার ছেলে।
নিহতের ভাই বদিউল আলম মুন্না বলেন, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে মক্কা নগরীর অতবিয়া এলাকায় একটি ভবনে ইলেকট্রিকের কাজ করার সময় সিঁড়ি থেকে নিচে পড়ে যান শহীদ উল্লাহ। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি মক্কায় ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন।
দেশে শহীদ উল্লাহর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তার মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পরিবার। এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

কামাল পারভেজ অভি, মক্কা