সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু
সৌদি আরবের আল-কাসিম শহরে সড়ক দুর্ঘটনায় মাসুদ আল হাসান (২২) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কর্মস্থলে যাওয়ার পথে একটি প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মাসুদ আল হাসান ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের জাকির হোসেনের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বাইসাইকেলে করে কর্মস্থলের উদ্দেশে রওনা হন মাসুদ। পথে একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এদিকে নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনতে পরিবারের পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত মরদেহ দেশে আনার প্রত্যাশা করছেন স্বজনেরা।
মাসুদ আল হাসানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক অর্থবিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কাজী নাজমুল হোসেন তাপস।

কাউছার আলম, ব্রাহ্মণবাড়িয়া (নবীনগর-বাঞ্ছারামপুর)