সিডনিতে অস্ট্রেলিয়া-বাংলাদেশ প্রেস ক্লাবের ১০ম বর্ষপূর্তি
অস্ট্রেলিয়ার সিডনিতে আগামী ২০ ডিসেম্বর বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হবে অস্ট্রেলিয়া-বাংলাদেশ প্রেস ক্লাবের (এবিপিসি) ১০ম বর্ষপূর্তি ও বাংলাদেশের মহান বিজয় দিবস। সিডনির আরস্কিনভিলে অবস্থিত সিডনি পার্ক প্যাভিলিয়নে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত চলবে এ অনুষ্ঠান।
আয়োজকদের প্রত্যাশা, অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা অংশ নেবেন।
অনুষ্ঠানের শুরুতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে মহান মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতার চেতনা এবং নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরার গুরুত্ব নিয়ে আলোচনা করবেন অতিথিরা।
প্রতিষ্ঠার পর থেকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশি সাংবাদিকদের মধ্যে ঐক্য, পেশাগত সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে কাজ করছে অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস ক্লাব। পাশাপাশি অস্ট্রেলিয়ায় বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন অর্জন, সমস্যা ও সম্ভাবনার কথা গণমাধ্যমে তুলে ধরতেও ভূমিকা রাখছে সংগঠনটি।
দশম বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠানে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা। প্রবাসী শিল্পীরা দেশাত্মবোধক গান, সংগীত ও নৃত্যের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরবেন। এ ছাড়া অতিথিদের জন্য থাকবে নৈশভোজের আয়োজন।
আয়োজকদের আশা, বিজয় দিবস ও প্রেস ক্লাবের ১০ম বর্ষপূর্তির এই যৌথ উদযাপন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও সৌহার্দ্য আরও বাড়াতে ভূমিকা রাখবে।

রাশেদ শ্রাবন, অস্ট্রেলিয়া