নিথর দেহে বাড়ি ফিরলেন ২ নির্মাণশ্রমিক, স্বজনদের আহাজারি
দীর্ঘ দুই মাস পর বাড়ি ফিরছিলেন নির্মাণশ্রমিক মুকুল ইসলাম (২৮) ও শাকিব বসুনিয়া (২২)। বাড়ি ফেরার আনন্দে আগের রাতে স্ত্রীকে ফোন করে শাকিব বিকাশে নিয়েছিলেন এক হাজার টাকা। সেই টাকা নিয়ে সহকর্মীদের সঙ্গে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন তারা। কিন্তু বাড়ি ফিরলেন নিথর দেহে।
রংপুরে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পর অপর বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যান তারা দুজন। তাই পরিবারে চলছে এখন শোকের মাতম।
আজ রোববার (১৫ নভেম্বর) দুপুরে নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকায় দুই শ্রমিকের মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠে এলাকার পরিবেশ।
নিহতরা হলেন চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার কালু মিয়ার ছেলে মুকুল ইসলাম ও একই এলাকার লোকমান বসুনিয়ার ছেলে শাকিব বসুনিয়া।
পারিবারিক সূত্রে জানা যায়, মুকুল ও শাকিব কুমিল্লায় নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন দুই মাস ধরে। শনিবার সন্ধ্যায় বাড়ি ফেরার প্রস্তুতি নেন তারা। এ সময় শাকিব তার স্ত্রী খুশী বেগমের কাছে বিকাশে এক হাজার টাকা চান। পরে টাকা নিয়ে মুকুলসহ পাঁচ শ্রমিক বাড়ির উদ্দেশে বাস কাউন্টারে যান। সেখানে তাদের প্রতিবেশী আতিক ইসলামকে দেখতে পান এবং সে সায়মন এক্সক্লুসিভ পরিবহণের একটি বাসে সৈয়দপুরের উদ্দেশে রওনা দেন। মুকুল ও শাকিবসহ পাঁচজন অন্য একটি বাসে বাড়ি ফিরছিলেন।
আজ ভোরে মুকুল ও শাকিবসহ তিনজন সৈয়দপুরের ওয়াপদা মোড়ে বাস থেকে নেমে বাড়ি যাওয়ার জন্য অটোরিকশার অপেক্ষা করছিলেন।
এ সময় আতিক ইসলাম মুঠোফোনে শাকিবকে সেখানে অপেক্ষা করতে বলেন। কিছুক্ষণ পর আবার ফোন করে জানান, তার বাসে সমস্যা হয়েছে। তাদের তারাগঞ্জ বাজারে যেতে বলেন। পরে তারা অটোরিকশায় করে তারাগঞ্জে পৌঁছান।
সেখানে গিয়ে তারা সায়মন এক্সক্লুসিভ পরিবহণের বাসের দরজায় আতিক ইসলামের সঙ্গে হেলপারের ধস্তাধস্তি দেখতে পান। এ সময় মুকুল ও শাকিব বাসের ভেতরে ওঠেন। বাসের হেলপার ও সুপারভাইজার তাদের ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন। এতে তারা সড়কে পড়ে অপর বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
কান্নাজড়িত কণ্ঠে নিহত শাকিবের মা সোবেজা খাতুন বলেন, আমার ছেলের কী অপরাধ ছিল। তাকে কেন মেরে ফেলা হলো। কত আশা করে অপেক্ষা করছিলাম ছেলে আজ বাড়ি ফিরবে। কিন্তু সে ফিরল না, ফিরল তার মরদেহ। আমি আমার ছেলের হত্যার বিচার চাই।
শাকিবের স্ত্রী খুশী বেগম বলেন, আমার স্বামী বাড়ি ফেরার জন্য গতকাল রাতে ফোন করে এক হাজার টাকা চেয়েছিল। আমি বিকাশে টাকা পাঠিয়ে দিয়েছিলাম। আজ তার বাড়িতে আসার কথা ছিল। সকালে ফোন করে জানতে পারি সে মারা গেছে। আমার ছোট দুইটা বাচ্চা রয়েছে। এখন আমাদের পরিবার কীভাবে চলবে। আমাদের এখন কে আয়-রোজগার করে খাওয়াবে।
নিহতদের সঙ্গে বাড়ি ফেরা সহকর্মী কাওসার ইসলাম বিজয় বলেন, তারা কুমিল্লা থেকে একসঙ্গে বাড়ি ফিরছিলেন। সৈয়দপুর ওয়াপদা মোড়ে নামার পর আতিক ফোন করে বাসে সমস্যার কথা জানিয়ে তারাগঞ্জে যেতে বলেন। পরে তারা অটোরিকশায় করে সেখানে যান। সায়মন এক্সক্লুসিভ পরিবহণের বাসটি এলে আতিকের সঙ্গে বাসের দরজায় হেলপারের ধস্তাধস্তি দেখতে পান। এ সময় শাকিব ও মুকুল বাসে ওঠেন। পরে হেলপার ও সুপারভাইজারের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে দুজনকে ধাক্কা দিয়ে সড়কে ফেলে দেওয়া হলে অপর বাসের চাকায় পিষ্ট হয়ে তারা মারা যান। তবে আতিকের কাছে টাকা ছিল কি না, তা তাদের জানা নেই। পরে স্থানীয়রা বাসটি আটক করে। আতিক বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত মুকুলের চাচি সালমা খাতুন বলেন, মুকুল খুব ভালো ছেলে ছিল। তাকে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু ও কঠিন বিচার চাই। তার পরিবার খুবই গরিব। সরকার যেন পরিবারটিকে সহায়তা করে।
এ বিষয়ে রংপুরের তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বাসের চালক মো. আজির হোসাইন (৩৬) ও হেলপার মো. শফিক বুজুর আলীকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে।
ওসি বলেন, আতিকের কাছে তিন লাখ টাকা থাকার যে কথা বলা হচ্ছে সেই টাকা গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ইয়াছিন মোহাম্মদ সিথুন, নীলফামারী