ঈদে সুস্বাদু নবাবি সেমাই
ঈদ মানে আনন্দ। ঈদ মানে খুশি। এক মাস সিয়াম সাধনার পর ঈদ আসে। আর ঈদের দিনে আপনি রান্না করতে পারেন সুস্বাদু ও পুষ্টিকর নবাবি সেমাই। নবাবি শব্দটার সাথে যেন ঘিয়ের একটা সম্পর্ক আছে। নবাবি সেমাইয়ের রেসিপি দিয়েছেন আফিফা আক্তার লিটা। চলুন, দেখে নিই কীভাবে রেসিপিটি বানাবেন—
উপকরণ
১. দুই টেবিল চামচ ঘি
২. এক প্যাকেট লাচ্ছা সেমাই
৩. তিন টেবিল চামচ কিসমিস
৪. দুই টেবিল চামচ বাদামকুচি
৫. এক চা চামচ গরম মসলার গুঁড়ো
৬. আধা কাপ চিনি
৭. এক লিটার তরল দুধ
৮. এক চা চামচ কেওড়া জল
৯. সামান্য পরিমাণ জাফরান
১০. পরিমাণমতো চেরি ফল
প্রস্তুত প্রণালি
প্রথমে ফ্রাইপ্যানে ঘি দিন। এতে সেমাই দিয়ে হালকা ভাজুন। ভাজা হলে কিসমিস, বাদামকুচি, গরম মসলার গুঁড়ো ও চিনি দিয়ে কিছুক্ষণ ভেজে নামিয়ে নিন। সসপ্যানে তরল দুধ দিন। এতে চিনি, গরম মসলার গুঁড়ো, কেওড়া জল ও জাফরান দিয়ে রান্না করে ক্ষীর তৈরি করুন। সবশেষে লেয়ার করে প্রথমে ক্ষীর, ভাজা সেমাই, বাদামকুচি ও চেরি ফল দিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের নবাবি সেমাই।

ফিচার ডেস্ক