তারুণ্য ধরে রাখতে গ্রিন টির ফেস প্যাক
গ্রিন টি শরীরের জন্য যেমন উপকারি তেমনি ত্বকের জন্যও। ঘরোয়াভাবে তৈরি গ্রিন টি ফেসিয়াল প্যাক আপনার ত্বকের বিভিন্ন সমস্যা দূর করে ত্বককে উজ্জ্বল এবং প্রাণবন্ত করে তুলতে সাহায্য করবে। অসময়ে ত্বকে বলিরেখা পড়ার সমস্যা প্রতিরোধ করতে এই উপাদান বেশ কার্যকর। ত্বকের তারুণ্য ধরে রাখতে পাঁচটি গ্রিন টি ফেইস প্যাক তৈরির পরামর্শ দেওয়া হয়েছে অনলাইন বিউটি ব্লগ ডাই হেলথ রেমিডি ডটকমে। চলুন, এক নজরে জেনে নেওয়া যাক।
গ্রিন টি এবং টক দই প্যাক
এই প্যাকটি শুষ্ক ত্বকের জন্য বেশ উপযোগী। ত্বকের বিভিন্ন ধরনের জ্বালাপোড়া দূর করতে সাহায্য করে। গ্রিন টি ও টক দইয়ের এই প্যাকটি ভিটামিন, ক্যালসিয়াম, প্রোটিন সমৃদ্ধ একটি ফেস প্যাক যা ত্বককে গভীর থেকে আর্দ্রতা ধরে রাখে।
যেভাবে ব্যবহার করবেন
একটি পাত্রে তিন চা চামচ গ্রিন টি, এক চা চামচ টক দই এবং কয়েক ফোঁটা লেবুর রস দিন। ভালো করে মিশিয়ে ১০ মিনিটের জন্য রেখে দিন। মিশ্রণটি ঘন হয়ে এলে মুখে লাগিয়ে ৩০ মিনিটের জন্য অপেক্ষা করুন। সবশেষে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। মসৃণ ও তারুণ্যভরা ত্বক পেতে নিয়মিত এটি ব্যবহার করুন।
গ্রিন টি ও চালের গুঁড়ো প্যাক
এই প্যাকটি তৈলাক্ত ত্বকের জন্য বিশেষ উপযোগী। ত্বকের দাগ, ব্রণ ও কালচে ভাব দূর করতে এটি সাহায্য করে।
যেভাবে ব্যবহার করবেন
প্রথমে একটি পাত্রে পানি নিয়ে গ্রিন টি পাতা ভিজিয়ে রাখুন। নরম হয়ে এলে এতে ৩ টেবিল চামচ চালের গুঁড়ো মেশান। এরপর ২ চা চামচ লেবুর রস ও সামান্য পানি দিয়ে পেস্টটি তৈরি করে নিন। মুখে লাগিয়ে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
গ্রিন টি ও মধু প্যাক
মধুতে আছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিঅ্যাইজিং উপাদান।
যেভাবে ব্যবহার করবেন
সমপরিমাণ মধু ও গ্রিন টি পাতা নিয়ে একসঙ্গে মিশিয়ে মুখের ত্বকে লাগান। শুকিয়ে এলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন। তাৎক্ষণিক ত্বকে নতুন সতেজতা অনুভব করবেন।
গ্রিন টি ও লেবুর প্যাক
লেবু একটি অত্যন্ত উপকারী প্রাকৃতিক উপাদান যা ত্বককে টানটান করে, ময়লা ও ব্রণ দূর করতে কাজ করে। এ ছাড়া ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে নেয়।
যেভাবে ব্যবহার করবেন
একটি লেবুর রস ও এক টেবিল চামচ গ্রিন টি নিয়ে ভালো করে মেশান। সামান্য পানি মিশিয়ে নিতে পারেন। এবার মুখে লাগান। শুকিয়ে এলে আর এক স্তর প্যাক মুখে লাগিয়ে নিতে পারেন। দুই স্তর প্যাক দ্রুত কাজ করে। পাঁচ মিনিটের জন্য রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
গ্রিন টি ও কলার প্যাক
কলা ত্বকের শুষ্কতা ও রুক্ষতা দূর করতে সাহায্য করে। গ্রিন টি ত্বককে স্বাস্থ্যোজ্জ্বল রাখতে কাজ করবে।
যেভাবে ব্যবহার করবেন
একটি কলা চটকে নিয়ে এর সঙ্গে এক চা চামচ গ্রিন টি মিশিয়ে একঘণ্টা রেখে দিন। তারপর মুখে লাগিয়ে ৩০ মিনিটের জন্য রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। আপনার ত্বক প্রাকৃতিকভাবে উজ্জ্বল হয়ে উঠবে।

সিফাত জাহান সিফা