খেতে সুস্বাদু সুইট কর্ন রাইস
সুইট কর্ন স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। স্যুপ বা রাইসের সঙ্গে এটি খেতেও ভীষণ সুস্বাদু। তাই আজকের আয়োজনে থাকছে সুইট কর্ন রাইসের রেসিপি। সুস্বাদু সুইট কর্ন রাইসের রেসিপিটি দিয়েছেন শায়লা শারমিন। জেনে নিন কী কী উপকরণ লাগবে এই রেসিপিতে এবং কীভাবে তৈরি করবেন স্বাস্থ্যকর সুইট কর্ন রাইস।
উপকরণ
বাসমতি চাল ২৫০ গ্রাম, সুইট কর্ন দুই কাপ, পেঁয়াজ কুচি এক কাপ, ক্যাপসিকাম কুচি এক কাপ, আদা-রসুন বাটা সামান্য, আলু কিউব করে কাটা এক কাপ, কাঁচামরিচ চার-পাঁচটি, গরম মসলা এক চা চামচ, হলুদ গুড়ো সামান্য, জিরা সামান্য, তেল পরিমাণমতো এবং লবণ স্বাদমতো।
প্রস্তুত প্রণালি
প্রথমে একটি প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি ভাজুন। বাদামি হয়ে গেলে প্লেটে তুলে নিন। এবার একটি প্রেসার কুকারে বাসমতি চাল, আলু, সুইট কর্ণ, তেল ও পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। তিনটি সিটি দেওয়ার পর কুকার থেকে সেদ্ধ ভাত বাটিতে ঢেলে নিন। এরপর অন্য একটি প্যানে তেল দিয়ে তাতে জিরা, পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা, হলুদ গুঁড়ো, গরম মসলা ও কাঁচামরিচ দিয়ে কষাতে থাকুন। এখন এতে রান্না করা ভাতের মিশ্রণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। সবশেষে লবণ দিয়ে নেড়ে চুলা থেকে নামিয়ে নিন। ওপরে ভাজা পেঁয়াজ ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন সুইট কর্ন রাইস।

জান্নাতুল এ্যানি