১ বছরে কনসার্টের টিকিট বিক্রি আয় ১ হাজার ১৮৮ কোটি টাকা
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড সেভেনটিন গত এক বছরে কনসার্টের টিকিট বিক্রি থেকে আয় করেছে ৯ কোটি ৭৪ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ১৮৮ কোটি টাকা। যুক্তরাষ্ট্রভিত্তিক সংগীতবিষয়ক সাময়িকী পোলস্টারের হিসাব অনুযায়ী, এশিয়ায় সফরকারী শিল্পীদের মধ্যে আয়ের দিক থেকে শীর্ষে রয়েছে ১৩ সদস্যের এই ব্যান্ড।
কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়া জুংআং ডেইলির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ১ আগস্ট থেকে ২০২৬ সালের ৩১ জুলাই পর্যন্ত সেভেনটিনের কনসার্টের ৬ লাখ ৬১ হাজার ৮৮টি টিকিট বিক্রি হয়েছে। সোমবার ব্যান্ডটির ব্যবস্থাপনা প্রতিষ্ঠান প্লেডিস এন্টারটেইনমেন্ট এ তথ্য জানায়।
পোলস্টারের ‘এশিয়া ফোকাস টপ ট্যুরিং আর্টিস্টস’ তালিকায় প্রথম স্থান পেয়েছে সেভেনটিন। একই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জেওয়াইপি এন্টারটেইনমেন্টের মেয়েদের দল টোয়াইস এবং তৃতীয় স্থানে বিগহিট মিউজিকের ছেলেদের দল টুমরো এক্স টুগেদার।
কোরিয়া জুংআং ডেইলির প্রতিবেদন অনুযায়ী, গত বছর এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সেভেনটিন। সেবার শীর্ষে ছিল ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লে।
গত বছরের সেপ্টেম্বরে দক্ষিণ কোরিয়ার ইনচন থেকে সেভেনটিনের ‘নিউ’ ওয়ার্ল্ড ট্যুর শুরু হয়। এশিয়া পর্বে ব্যান্ডটি মোট ২২টি কনসার্ট করে। হংকংয়ের কাই তাক স্টেডিয়ামে তাদের চারটি কনসার্টের সব টিকিট বিক্রি হয়ে যায়।
কনসার্টের পাশাপাশি ভক্তদের সঙ্গে সরাসরি দেখা করার আয়োজনেও সাড়া পেয়েছে ব্যান্ডটি। কোরিয়া জুংআং ডেইলির তথ্য অনুযায়ী, গত মে মাসে জাপানের কিয়োসেরা ডোম ও টোকিও ডোমে এবং জুনে দক্ষিণ কোরিয়ার ইনচন আসিয়াদ মেইন স্টেডিয়ামে ভক্তদের সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়। প্লেডিস এন্টারটেইনমেন্টের হিসাবে, এসব আয়োজনে অংশ নেন প্রায় ২ লাখ ৩৮ হাজার ভক্ত।
এদিকে সেভেনটিনের দুই সদস্য জংহান ও জশুয়ার ‘জার্নি ইনটু ড্রিমিং’ সফর শুরু হবে আগামী ৩০ অক্টোবর। দক্ষিণ কোরিয়ার ইনচনের ইনস্পায়ার অ্যারেনায় ১ নভেম্বর পর্যন্ত চলবে সফরের উদ্বোধনী পর্ব। এরপর ছয়টি শহরে সফর করবেন এই দুই শিল্পী।

বিনোদন ডেস্ক